মীর কাসেমের মামলার যুক্তিতর্ক শুরু ২৭ এপ্রিল

জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর পক্ষে সাফাই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ২৭ এপ্রিল থেকে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করা হয়েছে। ঐ দিন রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতর্ক শুরু করবে। বুধবার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ এই দিন ধার্য করেন। এর আগে মীর কাসেমের পক্ষে দ্বিতীয় ও তৃতীয় সাফাই সাক্ষী হিসেবে জবানবন্দি দেন মোহাম্মদ আলী ও আবু তাহের খান। মুক্তিযোদ্ধা দাবি করা এই দুই সাক্ষী তাদের জবানবন্দিতে বলেন, একাত্তরে চট্টগ্রামের ডালিম হোটেলে নির্যাতন ও কর্মকাণ্ডের সঙ্গে মীর কাসেম জড়িত ছিলেন এ কথা কখনো শোনেননি। জবানবন্দি শেষে সাক্ষীদের জেরা করেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও সুলতান মাহমুদ সীমন। এর আগে গত মঙ্গলবার মীর কাসেমের পক্ষে প্রথম সাফাই সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছিলেন তার ছোট বোন মমতাজ নূরউদ্দিন। গত ১৭ এপ্রিল মীর কাসেমের পক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য তিনজন সাক্ষী নির্ধারণ করে দেয় ট্রাইব্যুনাল। এ মামলায় মীর কাসেম আলীর বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) নূরুল ইসলামসহ প্রসিকিউশনের ২৩ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। গত বছরের ৫ সেপ্টেম্বর মীর কাসেম আলীর বিরুদ্ধে ১৪টি ঘটনায় অভিযোগ গঠন করা হয়।