অনুমতি পেলেন মরিনহো
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৪, ২১:৫৮
আগামী রবিবার লিভারপুলের বিরুদ্ধে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলাটিতে দ্বিতীয় সারির দল নামাতে চেলসি কর্তৃপক্ষের অনুমতি পেয়েছেন ক্লাবটির কোচ হোসে মরিনহো। এর মানে হলো রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের মালিকানাধীন দলটির বোর্ড ক্লাবটির লিগ শিরোপা জয়ের আশার সমাপ্তিকেই মেনে নিলো।
চেলসি ম্যানেজার মনে করেন গত শনিবার সান্ডারল্যান্ডের কাছে নিজেদের মাঠে ২-১ গোলের হারটির পর তাদের লিগ শিরোপা জয়ের আশা শেষ হয়ে যায়। কেননা ওই হারটির পর শীর্ষে থাকা লিভারপুলের চাইতে চেলসি পাচ পয়েন্টে পিছিয়ে পড়ে।
মরিনহো চাইছিলেন এখনো জিইয়ে থাকা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশাটাকেই জোরদার করতে। সে জন্য প্রথম লেগে অ্যাটলেটিকোর মাঠে গোলশূন্য ড্র করে আসার পর ফিরতি লেগের জন্য তিনি তার অবশিষ্ট ফিট প্রথম একাদশের খেলোয়াড়দের না খেলিয়ে শক্তি সঞ্চয় করতে।
লন্ডনের ক্লাবটির ফুটবল বোর্ড গত বুধবার রাতে এ ব্যাপারে মরিনহোর মতকেই সমর্থন জানায়। মরিনহো মঙ্গলবার অ্যাটলেটিকোর মাঠের খেলাটিতে গোলরক্ষক পিটার চেক ও অধিনায়ক জন টেরিকে ইনজুরির কারণে হারান। ফলে এখন লিভারপুলের বিরুদ্ধে তৃতীয় পছন্দের গোলরক্ষক হেনরিখ হিলারিও তিন বছর পর চেলসির হয়ে খেলতে মাঠে নামবেন। বিশ্রামে থাকবেন চেকের পরিবর্তে চ্যাম্পিয়ন্স লিগের খেলাটিতে মাঠে নামা ৪১ বছর বয়সী গোলরক্ষক মার্ক শোয়ার্জার।
পর্তুগীজ কোচটির এই কৌশলের কারণে মাঠে দেখা যেতে পারে টমাস কালাস, নাথান অ্যাক ও অনূর্ধ্ব ২১ দলের ডিফেন্ডার আন্ড্রিয়াস ক্রিস্টেনসেনকে। মরিনহো অবশ্য দলের ২৫ জনের তালিকা থেকে যে কাউকেই খেলাতে পারবেন। কাজেই এর মধ্যে থাকলে দুর্বল দল নামিয়েও কোন সমস্যায় পড়বেন না তিনি। তবে অতীতে স্পেনে কোচিং করানোর সময় তিনি এ নীতির বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন।
ম্যানচেস্টার সিটিও ব্লুজ কোচ মরিনহোর দল নির্বাচন আগ্রহের সাথে খেয়াল রাখবে। কেননা আগামী রবিবার ক্রিস্টাল প্যালেসের মাঠে খেলতে যাওয়া সিটিও বর্তমানে লিভারপুলের চাইতে ছয় পয়েন্ট পেছনে আছে। তবে শিরোপা প্রত্যাশী সিটি এক ম্যাচ কম খেলেছে। মেইলঅনলাইন