পুরস্কার পেলেন ফেমবোসা লোগোর ডিজাইনার

ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া (ফেমবোসা) এর লোগোর ডিজাইনার তৌফিক এলাহীকে পুরস্কার প্রদান করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার নির্বাচন কমিশন সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ পুরস্কার তুলে দেন। ভুটানের রাজধানী থিম্পুতে ২-৪ অক্টোবর ২০১৩ অনুষ্ঠিত ফেমবোসার চতুর্থ সম্মেলনে ফোরামের জন্য লোগো চূড়ান্ত করা হয়। ২০১২ ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত তৃতীয় সম্মেলনে সংস্থাটি লোগো তৈরির সিদ্ধান্ত নেয়। সংস্থা গঠনের উদ্যোক্তা দেশ হওয়ায় বাংলাদেশ লোগো তৈরির দায়িত্ব গ্রহণ করে। বাংলাদেশি ডিজাইনারদের মধ্যে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে ৭৬ জন ডিজাইনারের ২৬৮টি লোগো হতে প্রাথমিকভাবে চূড়ান্ত ১০টি লোগোর মধ্যে তৌফিক এলাহীর লোগো চূড়ান্ত করা হয়েছে। স্ট্রেনদেনিং ইলেকশন ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ (এসইএমবি) প্রকল্প লোগো ডিজাইন প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা করে। অনুষ্ঠানে অন্যান্য নির্বাচন কমিশনার, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা-সহ লোগো মূল্যায়ন কমিটির প্রধান শিল্পী আব্দুল কাইয়ুম উপস্থিত ছিলেন।