জুতার মাঝেও টেকনোলজি

সম্প্রতি ক্রীড়াপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস এমন একটি জুতা তৈরি করেছে যার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা জুড়ে দেওয়া রয়েছে! অ্যাডিজিরো এফ৫০ বা স্মার্ট বুট নামের এ জুতাটির চমক হচ্ছে, এর মধ্যে লাগানো একটি চিপ। অ্যাডিজিরো এফ৫০ নামের জুতাটিতে ব্যবহার করা হয়েছে মাইকোচ স্পিড সেল নামের একটি চিপ, যা জুতার সোলের নিচে বসানো থাকে। এ চিপটি জুতা ব্যবহারকারীর চারপাশের নড়াচড়ার তথ্য ধরে রাখে। চিপটি যত ডেটা সংগ্রহ করে তা জমা হয় জুতার মধ্যে রাখা আরেকটি মেমোরি চিপে। এ মেমোরি কার্ড থেকে কোনোরকম তারের ব্যবহার ছাড়াই তথ্যগুলো ট্যাবলেট বা ডেস্কটপে চলে যায়। এ ডিভাইস থেকে তথ্য ফেসবুক বা অনলাইন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও শেয়ার করা যায়। জুতার নতুন আকৃতি এবং ১৬৫ গ্রাম ওজন হওয়ায় একে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে হালকা জুতা। জুতাটিতে ব্যবহার করা হয়েছে স্প্রিন্ট স্কিন। স্প্রিন্ট স্কিন বা স্প্রিন্ট চামড়া মূলত এক পরতের সিনথেটিক উপাদানে তৈরি। এ ছাড়াও জুতাতে এজিয়ান অ্যান্টি-মাইক্রোবিয়াল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। অ্যাডিডাসের ইন্টারঅ্যাকটিভ টেকনোলজির পরিচালক সিমন ড্রাবল জানিয়েছেন, ‘অ্যাথলেটদের পারফর্মেন্সে আরও উন্নতি করতেই অ্যাডিডাসের ‘মস্তিষ্ক’যুক্ত জুতা কাজে লাগবে। চলতি বছরের নভেম্বর মাসেই বাজারে আসবে ২১০ ইউরো দামের ‘স্মার্ট’ জুতাটি। অ্যাডিডাস কর্তৃপক্ষ ২০১২ সালে মাইকোচ নামে একটি ভিডিও গেম তৈরি করার পরিকল্পনাও করেছেন। তারা সফলও হয়েছেন। বর্তমানে জুতার ভেতর এই টেকনোলজি সাড়া ফেলে দিয়েছে সর্বত্র।