শুরু হচ্ছে ৮ম এনডিএফ বিডি
জাতীয় বিতর্ক উত্সব ’১৪
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৪, ১৮:৩৫
যুক্তরাষ্ট্রের বিখ্যাত শিক্ষাবিদ নরম্যান কাজিন বলেছেন, ‘The first purpose of education is to enable a person speak clearly and confidently.’ যদি স্পষ্টতা ও আত্মবিশ্বাসের সাথে কথা বলার সামর্থ্য অর্জনই শিক্ষার উদ্দেশ্য হয় তবে এই উদ্দেশ্য অর্জনের অন্যতম উপলক্ষ হলো বিতর্ক। শুধু স্পষ্টতা ও আত্মবিশ্বাসের সাথে কথা বলার সামর্থ্য নয়, বিতর্ক শেখায় স্বকীয় প্রতিভায় উজ্জ্বল হতে, সেই উজ্জ্বলতায় মনের ভেতর থেকে জেগে ওঠা বিশ্বাসে আলোকিত আগামী নির্মাণ করতে। এ লক্ষ্যে আয়োজিত হতে যাচ্ছে বিতর্কের সবচেয়ে বড় আয়োজন—৮ম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক উত্সব ’১৪। বাংলাদেশের বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)-এর আয়োজনে সারা বাংলাদেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে আসা সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আগামী ১৬ ও ১৭ মে বাংলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ বিতর্ক উত্সব।
সকাল ৮টায় উত্সবে অংশগ্রহইকারী সকলের মাঝে আইডি কার্ড ও উত্সবের গিফট আইটেম বিতরণের মধ্যে দিয়েই রঙের ছোঁয়া লাগতে শুরু করবে সকলের মাঝে। এরপর সকলের অংশগ্রহণে জাতীয় সংগীত গাওয়ার সাথে সাথে উত্তোলন করা হবে জাতীয় পতাকা। সেখান থেকে উত্সবের টি-শার্ট, ক্যাপ পরে ব্যানার, মুখোশ নিয়ে বর্ণিল সাজে সজ্জিত হয়ে সবাই অংশগ্রহণ করবে র্যালিতে। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের পথচলার দশ বছর পূর্তিতে ‘চুরি যাওয়া কৈশোরে ফিরবেই যুক্তির তুমুল যৌবন’—স্লোগানে ব্যান্ডের বাজনার সাথে সাথে ঘোড়ার গাড়ি নিয়ে এগিয়ে চলবে র্যালি। র্যালি শেষে সবাই সমাবেত হবে মিলনায়তনে। একই ছাদের নিচে একই যুক্তিমঞ্চের সামনে তৈরি হবে একখণ্ড বাংলাদেশ। শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। চলবে আগত অতিথিদের বক্তৃতা পর্ব। এর মধ্যেই উন্মোচন করা হবে ৮ম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক উত্সব ’১৪-এর প্রকাশনা। অনুষ্ঠানে বাংলাদেশে বিতর্ক শিল্পে অবদানের জন্য বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর ড. আবুল বারাকাতকে প্রদান কার হবে ‘এনডিএফ বিডি আজীবন সম্মাননা পুরস্কার’। সকাল ১১টা ৩০ মিনিটে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে শিশু বিতর্ক। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের ২য় ও ৩য় শ্রেণীর ৬জন শিক্ষার্থী অংশ গ্রহণ করবে এই শিশু বিতর্কে। বিতর্কের বিষয়, ‘শিশুদের বিকাশে ডোরেমনের চেয়ে খেলার মাঠ বেশি গুরুত্বপূর্ণ।’ সবাই দেখার অপেক্ষায় কেমন হয় প্রথমবারের মতো হতে যাওয়া এ শিশু বিতর্ক।
শিশু বিতর্কের পরেই শুরু হবে বিতর্ক কর্মশালা। বিতর্কে যুক্তি প্রদান, যুক্তি খণ্ডন ও বিতর্কের জন্য পড়াশোনা নিয়ে কর্মশালাটি পরিচালনা করবেন জাতীয় টেলিভিশন বিতর্কে চ্যাম্পিয়ন দলের দলনেতা ও বর্তমানে শেরপুর জেলার এডিসি এনডিএফ বিডি-এর চেয়ারম্যান অ্যাডভাইজার রাজিব সরকার। দুপুর ১টা ১৫ মিনিটে শুরু হবে পাবলিক স্পিকিং কম্পিটিশন। বিষয় থাকবে I will drink life to the less. তলানি বা ক্ষুদ্র থেকেই জীবনের স্বাদ কতভাবে আস্বাদন করা যায় তাই শুনতে পাওয়া যাবে সারা বাংলাদেশ থেকে আসা বিতার্কিকদের কণ্ঠে। এর সাথে সাথেই চলবে মধ্যাহ্ন বিরতি। ৩টা ৩০ মিনিটে শুরু হবে গ্লোবাল ডিবেট। বিষয়, ‘আমার দেশেই পাবে তুমি তোমার মনের মানুষ।’ অংশগ্রহণ করবে বাংলাদেশ, ভারত, ভুটান, মালদ্বীপ, জাপান, চীনের বিতার্কিক। সবচেয়ে মজার বিষয় তারা কথা বলবে বাংলা ভাষায়। তারা বলবে সবাই বলবে কীভাবে তাদের নিজের দেশেই সকলে তার মনের মানুষটি খুঁজে পাবে। কি রূপ আর কি গুণের মনের মানুষ আছে সেখানে তাই জানার অপেক্ষায় আমরা। গ্লোবাল ডিবেটের পর শুরু হবে ‘মিট দ্যা পারসোনালিটি’ পর্ব। খ্যাতনামা ব্যক্তিরা উপস্থিত হবে সেখানে। তারা বলবেন তাদের সাফল্যের কথা। উত্তর দেবেন তাদের কাছে জানতে চাওয়া উপস্থিত বিতার্কিকদের বিভিন্ন প্রশ্নের। উপস্থিত অনেকেই সেখানে প্রথমবারের মতো চোখের সামনে দেখবে তার পছন্দের ব্যক্তিত্বকে। বিকাল ৫টায় শুরু হবে ইংলিশ পার্লামেন্ট্রি ফরমেট ডিবেট। বিষয় :The house believe that World Bank is harmful for poor country. বিভিন্ন পয়েন্টের ব্যবহারে উপস্থিত সবাইকে উত্তেজনা পূর্ণ বিতর্ক উপহার দেওয়ার প্রচেষ্টায় ব্যস্ত এখন কিছু বিতার্কিক। পড়ন্ত বিকেলে ধোঁয়া আর আঁধারে ঢাকা মঞ্চে একে একে হাজির হতে থাকবে আত্মারা শুরু হবে প্ল্যানচ্যাট বিতর্ক। বিষয় :আমি ফিরে আসি বারে বারে। মঞ্চে আসবে নেলসন ম্যান্ডেলা, হুমায়ূন আহমেদ, প্রিন্সেস ডায়না, মান্না দে, মাইকেল জ্যাকসন, ক্রস ফায়ারে মৃত একজন, লৌহ মানবী মার্গারেট থ্যাচার ও নায়ক মান্নার আত্মা। ভৌতিক পরিবেশে তাদের কথা শিহরণ জাগাবে আগত সকল বিতার্কিকদের। সবার ভীতভাব কাটিয়ে আবারও উত্সব আনন্দে মাতাতে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সারা বাংলাদেশ থেকে আগত বিতার্কিক আর আয়োজকদের অংশগ্রহণে সন্ধ্যার পর শুরু হবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে নাচ, গান, নাটিকা চলবে রোমন্টিক গানের সাথে কোরিওগ্রাফি। এভাবেই শেষ প্রান্তে চলে আসবে প্রথমদিনের আয়োজন।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আগত বিতার্কিকদের নিয়ে হবে ক্যাম্প ফায়ার। রাতের অন্ধকারের মাঝে একখণ্ড আগুনের কুণ্ডলীকে ঘিরে চলবে আড্ডার মাঝেই শেষ হবে রাতের খাবারের পর্ব। পর্দা নামবে প্রথমদিনের আয়োজনের। একে একে বাড়ি ফিরবে ঢাকার বিতার্কিকরা ঢাকার বাইরে থেকে আগতরা ফিরে যাবে তাদের জন্য নির্ধারিত অবস্থানে।
সকাল ৯টায় দ্বিতীয় দিনের আয়োজন শুরু হবে বিতর্ক কর্মশালার মধ্য দিয়ে। বিতর্ক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে কর্মশালাটি পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ও এনডিএফ বিডি মডারেটর ড. তানজিম উদ্দিন খান।
সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে সংসদীয় বিতর্ক। বিষয় :বিশ্বায়ন বাংলাদেশের কৃষি বৈচিত্র্যকে নষ্ট করছে। বিতর্কে বাংলাদেশের সেরা তার্কিকরা তুলে ধরবে বাংলাদেশের কৃষি বৈচিত্র্য, তুলে ধরবে বিশ্বায়নের সাথে সাথে এই কৃষি বৈচিত্র্যের হুমকি ও সম্ভাবনা। সংসদীয় বিতর্কের পরই শুরু হবে আঞ্চলিক বিতর্ক। বিষয় :এই বাংলায় আমরাই সেরা। অংশগ্রহণ করবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, রংপুর, সিলেট, চাকমা ও বগুড়ার বিতার্কিকরা। তারা তাদের নিজ নিজ অঞ্চলের ভাষায় জানান দেবে নিজ নিজ অঞ্চলের শ্রেষ্ঠত্ব। এরপর হবে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন। বিতর্কের ইতিহাস আর বাংলাদেশের বিতর্ক আন্দোলনে ন্যাশনাল ডিবেট ফেডারেশন (এনডিএফ বিডি)-এর দশ বছরের পথ চলা নিয়ে তৈরি ‘স্বপ্ন ছোঁয়ার পথে’ নামের মাল্টিমিডিয়া প্রেজেন্টিশনটি দেখানো হবে। দুপুর ১২টা ১৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর এবং এনডিএফ বিডি-এর চেয়ারম্যান অ্যাডভাইজার শামীম রেজা এর পরিচালনায় অনুষ্ঠিত হবে বিতর্ক কর্মশালা। কর্মশালার বিষয় থাকবে বিতর্ক ও যোগাযোগ দক্ষতা। এরপরই এনডিএফ বিডি-এর চেয়ারম্যান অ্যাডভাইজার বিতার্কিকদের নিয়ে শুরু হবে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা। বিতর্কের বিষয় :যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে...। আগের ৭টি বিতর্ক উত্সবের মতো এবারও বারোয়ারি বিতর্কের একটি চমত্কার পর্ব উপহার দেবে অংশগ্রহণকারী বিতার্কিকরা। এর সাথেই চলবে মধ্যাহ্ন বিরতি। দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে জুটি বিতর্ক। বিষয় :তোমরা যে বল দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, ভালোবাসা কারে কয়। বিতর্কে অংশগ্রহণ করবেন উত্তম-সুচিত্রা, দেবদাস-পার্বতী, জ্যাক-রোজ ও হিমু-রুপা জুটি। একটি জমজমাট রোমান্টিক বিতর্ক দেখার অপেক্ষায় আছেন অনেকে। বিকাল ৪টায় শুরু হবে রম্য বিতর্ক। বিষয় :প্রেমের দেবতার চোখে আজ বেদনার জল। দু দিনব্যাপী উত্সবের শুরু থেকেই প্রেমের দেবতার চোখে বেদনার জল নাকি আনন্দ অশ্রু তাই দেখার অপেক্ষায় থাকবে সবাই। হাস্যরসাত্মক কথায় মেতে উঠবে পুরো মিলনায়তন। এরপরই শুরু হবে সমাপনী অনুষ্ঠান। চলবে আগত অতিথিদের বক্তব্য প্রদান। তারপর শুরু হবে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ। ঘোষণা করা হবে বেস্ট স্কুল, কলেজ, মাদ্রাসা, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়ের নাম। বিজয়ী মেডেল গলায় পরিয়ে দেওয়া হবে পাবলিক স্পিকিং কম্পিটিশন ও বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের গলায়। পুরস্কৃত করা হবে সকল সংগঠককে। এভাবেই আনন্দ-উচ্ছ্বাসে শেষ হবে পুরস্কার বিতরণী পর্ব। সন্ধ্যা শেষে শুরু প্রথম দিনের মতো শুরু হবে সাংস্কৃতিক আয়োজন। চলবে রাত ৯টা পর্যন্ত। তারপরই আসবে বিদায় বেলা। রাত জাগা তারার নিচে বিদায় নিতে থাকবে সারা বাংলাদেশ থেকে আসা সহস্র বিতর্কিক। তখন তাদের মনের মনে উঁকি দিতে থাকবে আনন্দ উত্সবে মেতে ওঠা দুটি দিন। কারও চোখের কোণে হয়তো থাকবে অশ্রু কণা। হোক না সেটা ছেড়ে যাওয়ার কষ্ট বা আনন্দ অশ্রু। মনে থাকবে আবার মেতে ওঠার প্রত্যাশা নতুন কোনো উত্সবে।