স্কোলারির ব্রাজিল দল চূড়ান্ত

ব্রাজিল কোচ লুই ফিলিপ স্কোলারি জানিয়েছেন তার বিশ্বকাপ দলের আট খেলোয়াড় চূড়ান্ত। এর মধ্যে চারজন অধিনায়ক। ব্রাজিলকে একবার বিশ্বকাপ জেতানো এই কোচ অবশ্য জানিয়েছেন স্ট্রাইকার নেইমারের ফর্ম নিয়েও তার কোন দুশ্চিন্তা নেই। এ বছরের জুনে ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণার দুই সপ্তাহ আগে স্কোলারি বিষয়টি খোলাসা করলেন। স্কোলারি জানান, তিনি প্যারি সেন জার্মেইর থিয়াগো সিলভা, চেলসির ডেভিড লুইস, এমএলএস এর দল টরেন্টোর হুলিও সিজার এবং ফ্লুমিনিজ স্ট্রাইকার ফ্রেডকে তার চার অধিনায়ক হিসেবে ঠিক করেছেন। তিনি এছাড়াও চেলসির তিন খেলোয়াড় উইলিয়ান, অস্কার ও র্যামিরেস এবং টটেনহ্যামের পলিনহোকে বেছে নেয়াও চূড়ান্ত। স্কোলারি বলেন,‘আমি লন্ডনে পাঁচ খেলোয়াড়ের সাথে কথা বলেছি এবং আমি তাদের নেয়ার কথাটি জানিয়ে দেই।’ ব্রাজিল কোচ সম্প্রতি ইউরোপভিত্তিক খেলোয়াড়দের সাথে কথা বলতে সেখানে যান। জাপান ও দক্ষিণ কোরিয়ার যৌথ আয়োজনে ২০০২ সালের বিশ্বকাপে ব্রাজিলকে সর্বশেষ শিরোপা জেতানো কোচটি গত বৃহস্পতিবার সাও পাওলোর সাও জুডাস বিশ্ববিদ্যালয়ে ফুটবল এন্ড সাইকোলজি শীর্ষক এক কংগ্রেসে বক্তব্য রাখেন। তার কাছে গত বছর সান্তোস থেকে ট্রান্সফার নিয়ে বার্সেলোনায় যাওয়া নিয়ে বিতর্কের ঘেরাটোপে থাকা নেইমারকে নিয়ে জানতে চাওয়া হয়েছিল। কাতালান ক্লাবটিতে বর্তমানে তার পারফর্মেন্সও ভাল নয়। তবে এরপর স্কোলারি তার সমর্থনে কথা বলেন। সেলেচাও কোচ বলেন, ‘নেইমার শান্ত আছে। তার দল অত ভাল করছে না। তবে জাতীয় দলে সে সব সময়ের মতোই ভাল করবে। তাকে কিছু স্পানিশ সাংবাদিক যেভাবে দেখে তার চাইতে ভিন্ন ভাবে দেখি।’ এ প্রসঙ্গে স্কোলারি জানিয়ে দেন যে তারকাটিকে নিয়ে তিনি ‘বিন্দুমাত্রও উদ্বিগ্ন’ নন। ঘণ্টাব্যাপী বক্তৃতায় স্কোলারি খেলোয়াড় ও কোচ হিসেবে তার প্রথম দিককার ক্যারিয়ার নিয়েও কথা বলেন। এরপরই তিনি জানান যে ব্রাজিলকে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জেতানোর জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দলের ‘৯৫ থেকে ৯৯ ভাগের’ ব্যাপারেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। তার আশা এই দলটি বিশ্বকাপ জেতাতে পারবে। তিনি আরো জানান, অধিকাংশ মানুষই তাদের নিজেদের মতো করে একটা দল বেছে নিতে পারবেন। তবে তিনি তার কোচিং সহযোগী এবং এমনকি নিজের স্ত্রীকেও দল চূড়ান্তের বিষয়টি বলেননি। কংগ্রেসটিতে কথা বলার সময় স্কোলারি খেলোয়াড়দের মানসিক সামর্থ্যের গুরুত্ব নিয়েও মতামত তুলে ধরেন। তার মতে গেল বছরের কনফেডারেশন্স কাপে স্পেনকে হারিয়ে ব্রাজিলের ট্রফি জয়ের ক্ষেত্রে এর জোরেই সাফল্য পায়। কনফেডারেশন্স কাপের প্রসঙ্গে অভিজ্ঞ এই কোচ বলেন, সেই দলটির ব্যাপারেও অনেকের সংশয় ছিল। তাছাড়া দলটিকে এ ধরনের বড় আসরের আয়োজক হওয়ার কারণে বড় রকমের অর্থ ব্যয়ের প্রেক্ষিতে বিশাল জনবিক্ষোভেরও মুখোমুখি হতে হয়েছিল। কিন্তু একবার যখন দলটি মেক্সিকোর বিরুদ্ধে খেলতে নামলো খেলোয়াড়রা দর্শকদের মুগ্ধতা থেকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেলো। ব্রাজিল খেলাটিতে জিতলো এবং ক্রমেই শক্তিশালী হতে থাকলো। জাতীয় দলটি ঘোষণা করা হবে ৭ মে। এরপর ২৬ মে থেকে রিও ডি জেনিরোর উপকণ্ঠে টেরেসোপোলিসে তাদের বেস ক্যাম্পে একত্রিত হয়ে প্রস্তুতি শুরু করবে। ব্রাজিল গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া, মেক্সিকো ও ক্যামেরুনের মুখোমুখি হবে। উল্লেখ্য, ১২ জুন থেকে শুরু হবে ২০১৪ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্ব। প্রথম ম্যাচে স্বাগতিক ব্রাজিল মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। -সুপারস্পোর্ট