ব্রাজিলকে নিয়ে বাজি কার্লোসের
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৪, ২১:৩০
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস মনে করেন লুই ফিলিপ স্কলারি দায়িত্বে থাকার কারণে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবার নিজেদের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপটি জিতবে। শুধু তাই নয় তার মতে, নেইমারই হবে চলতি আসরে শিরোপা জয়ের নায়ক।
কার্লোসের আগে গত বুধবার দেশটির ১৯৭০ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কার্লোস আলবার্তো তোরেস মন্তব্য করেছিলেন যে, ব্রাজিল তাদের ষষ্ঠ বিশ্বকাপ জিততে যাচ্ছে।
নেইমারের সাম্প্রতিক ক্লাব পারফর্মেন্স নিয়ে সমালোচনা উঠলেও কার্লোস বিশ্বাস করেন এই বিশ্বকাপে নেইমারই হবেন মূল নায়ক। এ ব্যাপারে তিনি বলেন,‘নেইমার অসাধারণ। বিশ্বকাপে সে হবে মূল খেলোয়াড়। তার চরিত্র আমাকে সবচেয়ে প্রভাবিত করে। সঠিক বিচার বিবেচনা ও আত্মবিশ্বাস রয়েছে তার। বিশ্বকাপ জয়ের ব্যাপারে কার্লোস বলেন,‘শুধু নিজেদের মাটিতে খেলার সুবিধা পাওয়ার জন্যই নয় বরং স্কলারির পরিবর্তিত খেলার ধরনই এর মূল কারণ। যেটা তিনি সর্বশেষ কনফেডারেশন কাপে দেখিয়েছেন।’ বর্তমানে তুরস্কের ক্লাব সিভাসপুরের কোচের দায়িত্ব পালন করছেন ৪১ বছর বয়সী কার্লোস। কোচ হিসেবে এটিই তার প্রথম দায়িত্ব পালনের ঘটনা এবং ইতোমধ্যেই তিনি ক্লাবটিকে সুপার লিগে পঞ্চম স্থানে তুলে এনেছেন। তবে অদূর ভবিষ্যতে তিনি বুন্দেসলিগা এমনকি ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছার কথাও জানান।
এ ব্যাপারে একসময়ের দুনিয়া কাঁপানো লেফট ব্যাকটি বলেন,‘বুন্দেসলিগা অবিশ্বাস্য রকম আকর্ষণীয়। আপনি কি মনে করেন পেপ গার্দিওলা সেখানে শুধু বিয়ারের জন্য গিয়েছেন। সম্ভবত বুন্দেসলিগায় আমিই হব প্রথম কোন ব্রাজিলিয়ান কোচ। ভবিষ্যতে ব্রাজিলেরও ম্যানেজার হতে চাই।’