ওয়ানডে অধিনায়ক বদলের ইঙ্গিত মঈনের
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৪, ২১:৩৯
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগামী কয়েক সপ্তাহের মধ্যে নিজেদের ওয়ানডে দলের অধিনায়ক পরিবর্তন করতে পারে বলে আভাস দিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক মঈন খান।
সাবেক ক্রিকেটার মঈন খান জানিয়েছেন, অধিনায়ককে অবশ্যই দলের পছন্দ মাফিক হতে হবে। লাহোরে সাংবাদিকদের মঈন বলেন, ‘এমন কোন ব্যক্তি অধিনায়ক হবে যিনি পারফর্ম করবেন এবং পাশাপাশি দলেও যাকে সবাই পছন্দ করবে। অধিনায়ককে গণমাধ্যমের পছন্দ করতে হবে এবং একই সঙ্গে জনগণেরও।’
বর্তমানে পাকিস্তান টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে পারফরমেন্স দিয়ে ব্যক্তিগতভাবে উদাহরণ সৃষ্টি করেছেন মিসবাহ-উল-হক। কিন্তু তার মনোভাব নিয়ে গণমাধ্যম ও জনগণের সমালোচনা অব্যাহত রয়েছে। মঈন প্রধান নির্বাচক এবং দলের ম্যানেজার নির্বাচিত হওয়ার পরই আগামী বছর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্ব কাপের আগেই অলরাউন্ডার শহিদ আফ্রিদিকে ওয়ানডে দলের অধিনায়কত্ব দেয়ার জন্য একটি পক্ষ তত্পরতা চালাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে একটি সূত্র।
বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় মোহাম্মদ হাফিজ টি-টোয়েন্টি দলের দায়িত্ব ছেড়ে দেয়ায় ওপেনার আহমেদ শেহজাদকে সংক্ষিপ্ততম এ ভার্সনে অধিনায়ক করা হতে পারে। আর জনপ্রিয়তার ভিত্তিতে পাকিস্তান দলের অধিনায়ক হওয়ার দৌড়ে সব সময়ই থাকেন শহীদ আফ্রিদি।
মঈন বলেন, পাকিস্তানকে ২০১৫ বিশ্ব কাপের প্রস্তুতি নিতে হবে এবং এ মেগা ইভেন্টের প্রস্তুতি শুরু করতে খুব শিগগিরই পরিকল্পনা প্রকাশ করা হবে। সকল খেলোয়াড়কেই একই এবং ইতিবাচক মনোভাব পোষণ করারও আহবান জানান তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘কেবলমাত্র এভাবেই আমাদের খেলোয়াড়রা নিজেদের উন্নতি করতে এবং বিশ্বকে পরাজিত করতে পারে।’
অন্য দিকে জাতীয় দলের বিষয়ে নেয়া যে কোন সিদ্ধান্তই তাড়াতাড়ি নিতে বোর্ডকে পরামর্শ দিয়েছেন পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। দেশের হয়ে ১২০ টেস্ট খেলা এই ক্রিকেটার বলেন, ‘বিশ্বকাপের খুব বেশি দেরী নেই। তাই বোর্ড যেটাই করতে চায়, অবশ্যই খুব তাড়াতাড়ি সেটা করতে হবে। কারণ অধিনায়ককেও বুঝতে হবে তার অবস্থানটা কোথায় আর খেলোয়াড়দেরও জানতে হবে কে তাদের নেতৃত্ব দিচ্ছেন।’ পরিকল্পনা ও দল নির্বাচনেও অধিনায়ককে স্বাধীনতা দিতে হবে বলেও উল্লেখ করেন ইনজামাম, ‘তার দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস অর্জনে একজন অধিনায়কের সময় প্রয়োজন যাতে তারা একত্রে কাজ করতে এবং দলের জন্য পারফর্ম করতে পারে।’ বাসস