সিম কর প্রত্যাহার দাবি মোবাইল অপারেটরদের
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৪, ২১:৫৭
মোবাইল ফোনের সিম কার্ডের উপর থেকে সব ধরনের কর প্রত্যাহারের দাবি জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব। একই সঙ্গে মোবাইল ফোন কোম্পানিগুলোর কর্পোরেট কর কমানোরও দাবি জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে এ খাতের প্রতিনিধিরা এ দাবি জানান। এ সময় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন।
অ্যামটবের পক্ষ থেকে বলা হয়, মোবাইল গ্রাহকদের প্রতিটি সিম ও রিম কার্ডের বিপরীতে ১১০ শতাংশ টাকা মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ১৯০ শতাংশ সম্পূরক শুল্ক দিতে হয়। ফলে একটি সিম কার্ডের মূল্য অতিরিক্ত ৩শ টাকা আরোপিত হয়। দরিদ্র জনগোষ্ঠীর মোবাইল ফোন ব্যবহার করার স্বার্থে এই শুল্ক কর কমানো দরকার।
বিদ্যমান কর্পোরেট কর কমিয়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত মোবাইল ফোন কোম্পানির কর হার সাড়ে ২৭ শতাংশ এবং অতালিকাভুক্ত কোম্পানির কর হার সাড়ে ৩৭ শতাংশ করার প্রস্তাব দেয়া হয়।
বর্তমানে মোবাইল ফোন কোম্পানিগুলোকে সর্বোচ্চ ৪৫ শতাংশ হারে কর্পোরেট কর দিতে হয়। এছাড়া মোবাইল ব্যাংকিং লেনদেনে ১৫ শতাংশ ভ্যাটও কমানোর প্রস্তাব দেয়া হয়।