কে হচ্ছেন ম্যান ইউর কোচ?

ম্যানচেষ্টার ইউনাইটেড জানিয়েছে নেদারল্যান্ড জাতীয় দলের কোচ লুই ফন গল কিংবা অন্য কারো সাথে তাদের এখনো কোন চুক্তি হয়নি। যদিও গতকাল ডাচ একটি পত্রিকায় ফন গল বিশ্বকাপ শেষে ইংলিশ ক্লাবটির কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বলে খবর দিয়েছিল। ফলে আরো একবার ইংলিশ জায়ান্টদের পরবর্তী কোচ কে হচ্ছেন এ নিয়ে গুঞ্জন অব্যাহত থাকলো। ডাচ দৈনিক ডে টেলিগ্রাফ গতকাল শনিবার কোন সূত্র উল্লে¬খ না করেই জানিয়েছিল গল বিশ্বকাপ শেষে দায়িত্ব নিতে যাচ্ছেন। এতে আরো বলা হয়, গত শুক্রবার উভয়পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। শুধু তাই নয়, এতে আরো বলা হয়েছিল যে, ব্রাজিল বিশ্বকাপ থেকে ডাচ দলের বিদায়ের সাথে সাথেই গল ইউনাইটেডের দায়িত্ব নেবেন। বর্তমানে পর্তুগালের আলগ্রেভে ছুটিতে থাকা ৬২ বছর বয়সী গল এ ব্যাপারে ইউনাইটেডের আইনজীবী এড উডওয়ার্ডের সাথেও আলোচনা করেছেন। পত্রিকাটির দেয়া তথ্য অনুযায়ী ইউনাইটেডের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে গলের চুক্তির আর্থিক মূল্য প্রায় ১০ কোটি ইউরো (১৩ কোটি ৮০ লাখ ডলার) হতে পারে। কিন্তু স্কাই স্পোর্টসকে ইউনাইটেডের একজন মুখপাত্র বলেন,‘বলার মতো কিছুই হয়নি। আমরা কোন নতুন ম্যানেজারের সাথে চুক্তি করিনি। যখন আমাদের জানানোর মতো কিছু হবে, আমরা এ ব্যাপারে ঘোষণা দেব।’ কোচ ডেভিড ময়েসকে বরখাস্তের পর ক্লাব কিংবদন্তী রায়ান গিগসকে দল সামলানোর দায়িত্ব দেয়া হয়। গিগস অবশ্য খেলোয়াড় ও কোচ হিসেবে ময়েসের সহযোগী ছিলেন। নতুন কোচ খুঁজে পাওয়ার আগে মৌসুম শেষ না হওয়া পর্যন্ত রেড ডেভিলসদের সামলাবেন গিগস। এখন জানা যাচ্ছে ইউনাইটেডের কিংবদন্তী সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন চান গিগসকেই বরং স্থায়ীভাবে দায়িত্বটি দেয়া হোক। সাবেক এভার্টন কোচ ময়েস অবশ্য ফার্গুসনের অবসরের পর তারই পরামর্শে ইউনাইটেডের দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেষ্টার ইউনাইটেডকে মৌসুম জুড়ে দুর্দশায় রাখার কারণেই ময়েসকে বরখাস্ত করে ক্লাবটি। ম্যান ইউ যাই বলুক না কেন, আয়াক্স, বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে ব্যাপক সাফল্যের অধিকারী গলকে ময়েসের বিদায়ের পর থেকেই জোরালোভাবে ইংলিশ ক্লাবটির কোচ হিসেবে ভাবা হচ্ছে। কোচটি নিজেও অবশ্য আগে থেকে বলে আসছিলেন বিশ্বকাপের পর তিনি ইংলিশ ফুটবলে পাড়ি জমাবেন। টটেনহ্যাম হটস্পারের সম্ভাব্য কোচ হিসেবে তার নাম আলোচিত হচ্ছিল। বিশেষ করে ময়েস বরখাস্ত হওয়ার আগে। প্রতিদ্বন্দ্বিতায় নেই মরিনহো এদিকে চেলসির কোচ হোসে মরিনহো সুনির্দিষ্টভাবে জানিয়েছেন তিনি ম্যানচেষ্টার ইউনাইটেডের খালি হওয়া পদটির প্রতিদ্বন্দ্বিতায় নেই। পর্তুগীজ কোচটিকে গেল বছর ফার্গুসনের উত্তরসূরী হিসেবে ফেবারিট ভাবা হয়েছিল। শেষ পর্যন্ত ময়েসকে বেছে নেয়া হলে মরিনহো তার পুরনো দল চেলসিতে যোগ দেন। লিভারপুলের বিরুদ্ধে আজ রবিবারের খেলাটির আগে গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,আমি জানি না কিভাবে কিছু লোক এ ব্যাপারটি ভাবছে। আমি বিশেষ করে চেলসিতে যোগ দেব বলেই রিয়াল মাদ্রিদ ছেড়ে আসি। আমি চার বছরের জন্য চুক্তি করেছি। আমি চেলসিকে বলে দিয়েছি তাদের আমাকে নিয়ে কখনোই দুশ্চিন্তা করতে হবে না। কারণ আমি কখনোই চলে যেতে চাই না। কাজেই আমি যতক্ষণ তারা চায় ততক্ষণই আছি।’