কোচের পদে ওয়াকারকে চান ইনজামাম
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৪, ২২:০৫
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই পাকিস্তানের প্রধান কোচের পদটা খালি। কোচ হবার লড়াইয়ে এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে আছেন সাবেক কোচ ও কিংবদন্তী পেসার ওয়াকার ইউনুস। দলটির সাবেক অধিনায়ক ইনজামাম উল হকও মনে করছেন ওয়াকার ইউনুসই পদটির জন্য সবচেয়ে যোগ্য।
গত ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তির মেয়াদ শেষে অস্ট্রেলিয়ান ডেভ হোয়াটমোর বিদায় নেয়ার পর থেকেই স্থায়ী একজন কোচের সন্ধানে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাবেক টেষ্ট উইকেটরক্ষক ও অধিনায়ক মঈন খানকে অস্থায়ী ভিত্তিতে কোচ নিয়োগ দেয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্ব কাপে দলের দুর্বল পারফরমেন্সের পর পিসিবি তার দুই মাসের মেয়াদ আর বৃদ্ধি করেনি। ইতোপূর্বে ২০১০ এবং ২০১১ সালে কোচ হিসেবে দায়িত্ব পালন করা ওয়াকার আবারো দলের দায়িত্ব নেয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন এবং ইনজামামের দৃষ্টিতে তিনিই (ওয়াকার) সঠিক ব্যক্তি। সাংবাদিকদের ইনজামাম বলেন, ‘শেষবার ওয়াকারের অধীনে পাকিস্তান দল উপকৃত হয়েছিল, সুতরাং আমি মনে করি তিনিই সঠিক ব্যক্তি। কেননা তিনি খেলোয়াড়দের সম্পর্কে ভাল জানেন এবং দলের সংস্কৃতির সঙ্গেও তিনি পরিচিত।’
বর্ণাঢ্য ক্যারিয়ারে ১২০ টেষ্ট ও ৩৭৮ ওয়ানডে খেলা ইনজি পাকিস্তানের মনোভাবেও পরিবর্তন চান। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা পরাজয়ের পরই দলের অধিনায়ক ও কোচ পরিবর্তনের সংস্কৃতি আমাদের পরিবর্তন করা উচিত বলে আমি মনে করি। কেননা আমাদের দরকার ভুল শোধরানো এবং পরিবর্তনই সমাধান নয়।’ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় আগামী বিশ্ব কাপে অধিনায়ক হিসেবে মিসবাহ উল হককে সমর্থন করেন বিগ ম্যান ইনজি। তিনি বলেন, ‘মিসবাহরই দলের নেতৃত্ব দেয়া উচিত। কেননা বিশ্ব কাপের এক বছরও বাকি নেই এবং একজন নতুন অধিনায়ক তৈরি করা সম্ভব নয়।
এ মাসের শুরুতে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্ব কাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ার পর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে দেন মোহাম্মদ হাফিজ। অলরাউন্ডার শহিদ আফ্রিদিকে দায়িত্ব দেয়ার চিন্তা-ভাবনা চলছিল । কিন্ু্ত গণমাধ্যমে প্রকাশিত খবরানুসারে বিকল্প হিসাবে তরুণ ওপেনার আহমেদ শেহজাদের নাম বিবেচনা করা হচ্ছে। এই ব্যাপারে ইনজামামের বক্তব্য, ‘আগামী আগষ্ট মাস পর্যন্ত কোন টি-টোয়েন্টি ম্যাচ নেই এবং ২০১৬ সালের আগে কোন টুর্নামেন্টও নেই। সুতরাং তরুণ কাউকে খুঁজে বের করার এটাই সঠিক সময়।’ বাসস/এএফপি