ব্রাজিলের আক্রমণভাগ দুর্বল: পেলে

তিনবারের বিশ্বকাপ জয়ী পেলে মনে করেন তার দেশ ব্রাজিল দলে বড় কোন তারকা নেই। এ কথার মধ্য দিয়ে তিনি মূলত দলটির আক্রমণভাগ দুর্বল বলেই মত দিচ্ছেন। একই সাথে বার্সেলোনা তারকা নেইমারের গুরুত্বকেও খাটো করে দেখাতে চাইলেন। পেলে সাও পাওলোতে ক্রীড়া ব্যবস্থাপনার উপর আয়োজিত এক সম্মেলনে কথা বলছিলেন। ব্রাজিলই এবারের বিশ্বকাপটি আয়োজন করছে। ফুটবলের রাজসূয়া আসরটি আয়োজনের জন্য হাতে আছে দুই মাসেরও কিছু কম সময়। ১২ জুন থেকে শুরু হবে ২০১৪ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্ব। প্রথম ম্যাচে স্বাগতিক ব্রাজিল মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। স্বাগতিক হিসেবে ব্রাজিল গ্রুপ পর্বে এছাড়াও মেক্সিকো ও ক্যামেরুনের মুখোমুখি হবে। সেখানেই সান্তোস ও ব্রাজিল দলের কিংবদন্তী এই খেলোয়াড় বলেন,‘আমাদের বড় কোন তারকা নেই। আমরা নেইমারকে নিয়ে কথাবার্তা বলি। কিন্তু এটা হলো তার প্রথম বিশ্বকাপ।’ তিনি আরো বলেন,‘তবে দল হিসেবে ইতিহাসে এই প্রথমবারের মতো আমরা আক্রমণভাগের চাইতে রক্ষণে শক্তিশালী। ব্রাজিল সবসময়েই জেতার মতো, গোল করার মতো দল যাদের গোলদাতা থাকে। এই প্রথমবারের মতো আমাদের স্ট্রাইকার খুঁজে পাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে।’ এ প্রসঙ্গে পেলে বলেন,‘ আমি দেখতে পাচ্ছি দলে ঢোকার মতো অনেক খেলোয়াড় আছে। কিন্তু আক্রমণভাগ নিয়ে কিছু সমস্যা আছে।’ তিনি প্রসঙ্গক্রমে দিয়েগো কস্তার স্পেন দলকে বেছে নেয়ার জন্য পরিতাপ করেন। কস্তা প্রসঙ্গে পেলের বক্তব্য-‘সে ব্রাজিলিয়ান এবং অভিবাসিতার সুবাদে স্পানিশ। কস্তা ভাল করছে, ডাকও পেয়েছিল। কিন্তু সে স্পেনকে খেলার জন্য বেছে নিয়েছে। ব্রাজিলের জন্য সে দারুণ অন্তর্ভুক্তি হতে পারতো। আমাদের অনেক ভাল খেলোয়াড় আছে। তবে ইউরোপে খেলার সুবাদে সে প্রস্তুতই ছিল।’