আজই শিরোপার নিষ্পত্তি?
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৪, ২২:০৬
দুই দলের মধ্যে পার্থক্য পাঁচ পয়েন্ট। আরো তিন রাউন্ডের খেলা বাকি। তৃতীয় স্থানে থাকা দলটিও মাত্র এক পয়েন্ট পিছিয়ে। কাগজে-কলমে তাই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকছে তিনটি দলেরই।
তবে আজকে চাইলে অ্যানফিল্ডে শিরোপা উত্সব করে নিতে পারে লিভারপুল। সেক্ষেত্রে তাদের প্রথমেই হারাতে হবে চেলসিকে। আর অন্য ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হেরে যেতে হবে ম্যানচেস্টার সিটিকে। এই হিসাব মিললেই কেবল আজ ২৪ বছরের ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার খরা কাটাতে পারবে অল রেডরা।
দীর্ঘদিন পর শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছেও ঠিক চাপ অনুভব করছেন না লিভারপুলের কোচ ব্রেন্ডন রজার্স। বরং তার মতে চাপে থাকবে বাকি দুই দল। ম্যাচের আগে তিনি বলেন, ‘সবাই চাপের কথা বলছে। তবে চাপটা আসলে ম্যানচেস্টার সিটি আর চেলসির উপরই বেশি থাকবে। আপনি যখন এত টাকা খরচ করবেন, তখন শিরোপা জিততে তো চাইবেনই। যা কিছুই ঘটুক, দারুণ একটি মৌসুম কেটেছে আমাদের।’
১৯৯০ সালে সর্বশেষ প্রিমিয়ার লিগের শিরোপা জয় করে লিভারপুল। সেবার ৩৮ রাউন্ডের খেলায় ৭৯ পয়েন্ট পাওয়া লিভারপুল এবার ৮০ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত শীর্ষে অবস্থান করছে।
লিভারপুলের জন্য ম্যাচটি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ চেলসির জন্যও। তবে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হোসে মরিনহো ছিলেন নির্ভার। ইংলিশ প্রিমিয়ার লিগ নয়, বরং চ্যাম্পিয়ন্স লিগের দিকেই দৃষ্টি দিচ্ছেন তিনি, ‘আসলে আমি এই ম্যাচ নিয়ে খুব একটা চিন্তিত নই। আমার ভাবনা পরের ম্যাচটিকে ঘিরে। আমি মৌসুম শেষ হওয়ার জন্য অপেক্ষা করছি। তখনই আমাদের সামনে নিজেদের প্রাপ্তিটা স্পষ্ট হবে।’
চেলসি-লিভারপুলের মতো কঠিন লড়াই না হলেও ম্যানচেস্টার সিটির জন্যও আজ জয়টা খুবই জরুরি। অ্যাওয়ে ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস। ৩৫ রাউন্ডের খেলা শেষে দলটি পেয়েছে মাত্র ৪৩ পয়েন্ট। ম্যাচের আগে সিটি কোচ ম্যানুয়েল পেলিগ্রিনি শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়ে বলেন, ‘আমার খেলোয়াড়রা এখনো বিশ্বাস করে শিরোপা জয় করা সম্ভব। আর যারা ফুটবলটা বোঝে তারা সবাই জানে যে, এখানে সবই সম্ভব। এটা মোটেই আমাদের জন্য সহজ কোন ম্যাচ নয়। গত ডিসেম্বরে ওরা যখন ইতিহাদে এসেছিল তখনই ওদের শক্তিমত্তার ব্যাপারে আমাদের ভাল একটা ধারণা হয়েছিল। ওদের বিপক্ষে জয় পেতে ভাল খেলার কোন বিকল্প নেই।’
একনজরে
স্যান্ডারল্যান্ড-কার্ডিফ সিটি
লিভারপুল-চেলসি
ক্রিস্টাল প্যালেস-ম্যানচেস্টার সিটি