টঙ্গীবাড়িতে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ জাটকা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল ও দীঘিরপাড় মাছ ঘাটে জাটকা বিক্রি চলছে। প্রতিদিন ভোরে এ ঘাটগুলো দিয়ে ট্রাকভর্তি নিষিদ্ধ জাটকা ইলিশ ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে পাঠানো হচ্ছে। গত শুক্রবার হাসাইল মাছ ঘাটে গিয়ে দেখা যায় প্রতিটি মাছের আড়ত্-এ জাটকা ইলিশ বিক্রির ধুম পড়েছে। ঢাকা-নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকার পাইকাররা জাটকা কিনছে। হাসাইল মত্স্য আড়ত্ সমিতির সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম জানান, আমরা জেলেদের দাদন দিয়েছি। তাদের মাছ বিক্রি না করলে তারা ঢাকার পাইকার এবং দীঘিরপাড় বাজারে গিয়ে অন্য পাইকারদের কাছে মাছ বিক্রি করছে। ফলে দাদনের টাকা উঠানোর জন্য বাধ্য হয়ে জেলেদের জাটকা ইলিশ বিক্রি করছি। উপজেলা মত্স্য কর্মকর্তা আখতার হোসেন জানান, আমরা অভিযান চালাচ্ছি। তবে জাটকা নিধনকারী জেলেদের ধরতে পারছি না। এর আগে ৩ জনকে ধরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়েছিলাম।