পুঠিয়ায় ট্রাক খোয়া যাওয়ার জেরে চালক খুন
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৪, ২২:০৯
রাজশাহীর পুঠিয়ায় ট্রাক হারিয়ে যাওয়া ট্রাকের চালক অশান্ত ভট্টাচার্যের (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পুঠিয়ার ঝলমলিয়া পালপাড়ার মৃত গনেশ ঠাকুরের ছেলে। শুক্রবার সকালে নিহতের বাড়ি থেকে অনুমান ২শ’ গজ দূরের একটি আমবাগানে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুঠিয়া থানায় খবর দেয়।
এদিকে ট্রাক চালক অশান্ত ভট্টাচার্য পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এবং খুনীদের গ্রেফতার ও বিচারের দাবিতে পুঠিয়া মোটর শ্রমিক ইউনিয়নের বিক্ষুব্ধ নেতাকর্মীরা শুক্র ঢাকা-রাজশাহী মহাসড়কে অবরোধ করে। ফলে মহাসড়কের দুই পার্শ্বে প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। নিহতের স্ত্রী ছন্দা রানী ভট্টাচার্য জানান, ১৬ এপ্রিল রাতে ঝলমলিয়া বাজারে ট্রাক রেখে বাড়ি আসেন অশান্ত। পরে সকালে ঝলমলিয়া বাজারে এসে দেখেন তার ট্রাকটি যথাস্থানে নেই। পরে মালিক শামসুল ট্রাক খোয়া যাওয়ার বিষয়ে পুঠিয়া থানায় একটি জিডি করে। পুলিশ ট্রাক চালক অশান্ত ও হেলপারকে আটক করে। পরে দুই পক্ষের মধ্যে মীমাংসার আশ্বাস দিয়ে পুলিশ তাদের ছেড়ে দেয়।
ট্রাকের সন্ধানে অশান্ত গত ২১ এপ্রিল স্থানীয় দু’জনকে সাথে বাড়ি থেকে বের হন। স্ত্রী ছন্দা রানীর দাবি তার স্বামীকে হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে লাশ ঝুঁলিয়ে রাখা হয়েছে। এ বিষয়ে পুঠিয়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহ আলম জানান, ট্রাক মালিক শামসুল সর্দার ও তার লোকজন পরিকল্পিতভাবে অশান্ত ভট্টাচার্যকে হত্যা করেছেন। তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পুঠিয়া থানার ওসি আবু ওবাইদা খাঁন বলেন, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সর্বশেষ খবরে জানা গেছে, গতকাল ট্রাক চালক তাঁর ভাই জহির ও আওয়ামী লীগের নেতা আবু বকর ছিদ্দিকের নামে পটিয়া থানায় একটি হত্যা মামলা হয়েছে। তবে খোয়া যাওয়া ট্রাকটি উদ্ধার হয়নি।