মীর্জাগঞ্জে পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৪, ২২:১০
মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা \ মীর্জাগঞ্জ উপজেলা সদরস্থ সুবিদখালী মডেল সরকারি প্রাথমিক স্কুলে চলতি প্রথম সাময়িক পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নির্ধারিত ফি’র চেয়ে কয়েকগুণ বেশি অর্থ আদায় করেছেন ঐ স্কুলের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান মামুন। প্রথম সাময়িক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য সরকারি নির্ধারিত ১০ টাকার স্থলে ২৫ টাকা, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর জন্য ১৫ টাকার স্থলে ৪০ টাকা এবং পঞ্চম শ্রেণীর জন্য ২০ টাকার স্থলে ৫০ টাকা হারে পরীক্ষার ফি আদায় করা হয়। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা পুতুল রানী মন্ডল জানান, এবিষয়ে কতিপয় অভিভাবকের লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।