যৌতুকের জন্য গৃহবধূর মাথা ন্যাড়া
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৪, ২২:১১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই লাখ টাকা যৌতুকের জন্য এক গৃহবধূর মাথা ন্যাড়া করে দেয়া হয়েছে। শুক্রবার রাতে উপজেলার শিবপুর ইউনিয়ন সাহারপাড় গ্রামের প্রবাসী রুহুল আমীন মিয়ার স্ত্রী শিল্পী আক্তারকে (২০) মাথা ন্যাড়া করে দেয় তার শ্বশুর বাড়ির লোকজন।
এ ঘটনায় গতকাল শনিবার নবীনগর থানায় ওই গৃহবধূর পিতা মোঃ রাজা মিয়া বাদী হয়ে ৫জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। পুলিশ ওই গৃহবধূর শাশুড়ী আমেনা বেগমকে গ্রেফতার করে। গত ৭ মাস পূর্বে উপজেলার নাটঘর গ্রামে মোঃ রাজা মিয়ার মেয়ে শিল্পী আক্তারের সাথে উপজেলার সাহারপাড় গ্রামের রহিজ মিয়ার ছেলে প্রবাসী রুহুল আমীনের সাথে বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের বাবা সন্তানের সুখের জন্য ৮০ হাজার টাকা নগদসহ স্বর্ণালংকার প্রদান করে। বিয়ের পর স্বামীর প্রবাসে চলে যাওযার পর থেকেই শাশুড়ী দেবরসহ পরিবারের লোকজন আরো দুই লাখ টাকা যৌতুক দাবি করে।