মুক্তিযুদ্ধে অবদান স্মরণে ঢাবিতে ‘মালরো বাগান’
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৪, ২২:১৬
মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে ফরাসি দার্শনিক অন্দ্রে মালরোর গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মালরো বাগান’ প্রতিষ্ঠিত করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ সংলগ্ন মলচত্বরে প্রতিষ্ঠিত এ বাগান উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অঁলিয়স ফ্রঁসেজ দ্য ঢাকার যৌথ উদ্যোগে এ বাগান সাজানো হয়েছে।
উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অন্দ্রে মালরোর ১৯৭৩ সালে বাংলাদেশ সফরের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র “বাংলাদেশ প্রত্যাশার পথে” প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, মুক্তিযুদ্ধে ফরাসি দার্শনিক ও বুদ্ধিজীবী অন্দ্রে মালরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার প্রচেষ্টায় বহির্বিশ্বে বাংলাদেশের পক্ষে জনমত গড়ে উঠে। তিনি অনেক বিদেশি সাংবাদিকদেরও বাংলাদেশের যুদ্ধ কাভার করতে ডেকে এনেছিলেন ও সহায়তা করেছিলেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত মিসেল ত্রাংকিয়ে, দার্শনিক-গবেষক হ্যানরি লেভি, ঢাকাস্থ অঁলিয়স ফ্রঁসেজের পরিচালক অলিভিয়ে লিতভিন।