বিদেশি অর্থ সমবণ্টন হয়নি :সুরঞ্জিত
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৪, ২২:১৭
রানা প্লাজা ট্র্যাজেডি
আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের জন্য বিদেশিদের দেয়া টাকা সমবণ্টন হয়নি। এ কারণে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার ক্ষতিপূরণ পায়নি। তিনি বলেন, বিদেশিদের দেয়া টাকা সংরক্ষণ করা হয়েছে। বণ্টনে বিলম্বিত হচ্ছে। সরকার ও গার্মেন্টস মালিক পক্ষকে সমন্বয় সাধনের মাধ্যমে পুনর্বাসন করতে হবে।
শনিবার রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত? চলমান রাজনীতি বিষয়ক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, গার্মেন্টস শ্রমিকদের স্বার্থ রক্ষায় ট্রেড ইউনিয়ন অধিকার বাস্তবায়ন করা প্রয়োজন। শ্রমমন্ত্রীকে সভাপতি করে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি মনিটরিং সেল গঠন করারও প্রস্তাব দেন তিনি।
সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আসাদুজ্জামান দূর্জয়, সাম্যবাদী দলের ঢাকা মহানগর আহ্বায়ক হারুন চৌধুরী প্রমুখ।