চট্টগ্রামে উত্সব আমেজে মনোনয়ন দাখিল

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের ১৬টি নির্বাচনী আসনে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীরা গতকাল বুধবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় বিভিন্ন স্থানে উত্সবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রার্থী ও তাদের সমর্থকরা আচরণবিধি অনুসরণ করেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সকালে চট্টগ্রামের রিটার্নিং অফিসার বিভাগীয় কমিশনার আবদুল মান্নানের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী  মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১০ আসনে ডা. আফসারুল আমিন, চট্টগ্রাম-১১ আসনে এম এ লতিফ, চট্টগ্রাম-৪ আসনে দিদারুল আলম, চট্টগ্রাম-১৬ আসনে মোস্তাফিজুর রহমান এবং চট্টগ্রাম-৮ আসনে মহাজোটভুক্ত জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদল।

রিটার্নিং অফিসার-২ জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন চট্টগ্রাম-৭ আসনে ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম-১২ আসনে সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম-১৫ আসনে আবু রেজা মোহাম্মদ নদভী এবং চট্টগ্রাম-৩ আসনে মাহফুজুর রহমান মিতা।

এছাড়া স্ব-স্ব নির্বাচনী এলাকার সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র জমা দেন চট্টগ্রাম-৬ আসনে এ বি এম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-২ আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী তরিকত ফেডারেশনের নেতা নজিবুল বশর মাইজভান্ডারী, চট্টগ্রাম-১ আসনে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম-১৪ আসনে নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৩ আসনে সাইফুজ্জামান চৌধুরী এবং চট্টগ্রাম-৫ আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির (এরশাদ) নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

নগরীতে ও অন্যান্য স্থানে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগরী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন,                 মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ এ সালামসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

জানা গেছে, মনোনয়ন জমা দেওয়ার আগে স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগ ও মহাজোটের বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার জন্য শপথ নেন। তারা প্রথমে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসভবনে সমবেত হন। সেখানে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, নেতা-কর্মীদের সব মতানৈক্য ভুলে একযোগে আওয়ামী লীগের পক্ষে কাজ করতে হবে। এসময় সবাই শপথ ও মোনাজাতে অংশ নেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান।

মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির যেসব নেতা: গতকাল চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন ফরম জমা দেন চট্টগ্রাম-১০ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম-৮ আসনে সাবেক পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান ও চট্টগ্রাম-১১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া কারাগারে আটক মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের পক্ষে চট্টগ্রাম-৯ আসনে মনোয়নপত্র জমা দেওয়া হয়। একই আসনে মনোনয়নপত্র জমা দেন নগর বিএনপির ভাইস প্রেসিডেন্ট শামসুল আলম। অন্যদিকে চট্টগ্রাম-৫ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন ও তার ছেলে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন চৌধুরী যথাক্রমে সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। একই আসনে মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম। চট্টগ্রাম-৪ আসনে চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার মো. কামাল হোসেনের উপস্থিতিতে কারাগারে আটক বিএনপি নেতা আসলাম চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দেন চট্টগ্রাম-১ আসনে চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক কামাল উদ্দিন আহমেদ, চট্টগ্রাম-২ আসনে ড্যাব নেতা ডা. খুরশিদ জামিল চৌধুরী, চট্টগ্রাম-৩ আসনে মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬ আসনে  আবু আহমেদ হাসনাত, চট্টগ্রাম-৭ আসনে সামির কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনে এম মোর্শেদ খান,  চট্টগ্রাম-১২ আসনে গাজী শাহজাহান জুয়েল, চট্টগ্রাম-১৩ আসনে সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-১৬ আসনে জাফরুল ইসলাম চৌধুরী প্রমুখ।

তিন জামায়াত নেতার মনোয়ন দাখিল: জামায়াতে ইসলামীর তিন নেতা গতকাল মনোনয়নপত্র জমা দেন। এরা হলেন-চট্টগ্রাম-১০ আসনে শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৫ আসনে মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম ও চট্টগ্রাম-১৬ আসনে মাওলানা জহিরুল ইসলাম।