বিভিন্ন স্থানে চার খুন
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৪, ২১:১৪
বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় চারজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
কালীগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত এক
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রাথুরা গ্রামে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত সোলেম (৫০) নামে এক ব্যক্তি গত শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। নিহতের আত্মীয় সিরাজুল ইসলাম জানান, হামলার সময় দায়ের কোপে সোলেমা মাথায় মারাত্মক আঘাত পেয়েছিলেন। কালীগঞ্জ থানার ওসি নাজমুল হক ভুঁইয়া জানান, ওই হামলার ঘটনায় এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জে ছাত্রীর রহস্যজনক মৃত্যু
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মদনপুর এলাকায় গত শনিবার দুপুরে জান্নাত (১২) নামে এক মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে মদনপুর হযরত সুমাইয়া (রা.) মাদ্রাসার ছাত্রী। ধামগড় পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম জানান, মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি- ছাত্রী জান্নাত পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা গেছে। তবে ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
গোয়াইনঘাটে ব্যবসায়ী খুন
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গত শনিবার সকালে কাপড়ের ব্যবসায়ী আকুল মিয়াকে (৩৮) জবাই করে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। পুলিশ জানান, গত শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে ঢালা নদীর চরে আবুল মিয়াকে কে বা কারা গলা কেটে হত্যা করে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বাশার নামের একজনকে আটক করেছে।
নারায়ণগঞ্জে শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জের উকিলপাড়া এলাকায় গতকাল রবিবার সকালে বাস চাপায় সবুজ (১৩) নামে এক হোসিয়ারী শ্রমিক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করে। সে উকিলপাড়া এলাকার গিয়াস হোসিয়ারীর শ্রমিক। বিক্ষুব্ধ শ্রমিকরা ১০টি যানবাহন ভাংচুর করে। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদের জানান, বাসের চাপায় শ্রমিক মারা যাওয়ার ঘটনায় হোসিয়ারী শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে রাখে। ঘাতক চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়। বর্তমানে পরিস্থিত নিয়ন্ত্রণে রয়েছে।