সুনামগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

সুনামগঞ্জে হত্যা মামলার রায়ে আব্দুল মুকিত নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তিন হাজার টাকার জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রোববার সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের কুরুতলা গ্রামে। কুরুতলা গ্রামের আব্দুল মুকিত ও সানজব আলীর মধ্যে ১৯৯৭ সালের ২৯ জানুয়ারি তুচ্ছ কারণে ঝগড়া হয়। এর এক পর্যায়ে মুকিত লাঠি দিয়ে সানজব আলীর মাথায় আঘাত করেন। সানজব আলী পরদিন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে মুজিবুর রহমান বাদী হয়ে থানায় আব্দুল মুকিত এবং তার স্ত্রী আছিয়া বেগমকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে গতকাল রায় ঘোষণা করেন আদালত। তবে মুকিত পলাতক রয়েছেন। আছিয়া খাতুনকে খালাস দেয়া হয়েছে।