সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৪, ২১:১৮
বাকৃবিতে টেগরা পদ্ধতিতে চাষাবাদ সম্পর্কিত সেমিনার
বাকৃবি (ময়মনসিংহ) সংবাদদাতা \ দেশের সাধারণ মানুষকে আধুনিক চাষাবাদ সম্পর্কে সচেতন করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার কক্ষে গত শনিবার টেগরা পদ্ধতিতে চাষাবাদ সম্পর্কিত একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ পদ্ধতিতে সাধারণ পদ্ধতির চেয়ে প্রায় ১৪ গুণ বেশি ফলন পাওয়া যায়। এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক জীবন কৃষ্ণ রায়। অনুষ্ঠানে বাকৃবির কৃষিতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ড. মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বাকৃবি রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. লুত্ফুল হাসান এবং সঞ্চালনা করেন অধ্যাপক ড. মো. আবদুল কাদের প্রমুখ।
মেহেরপুরে স্বাস্থ্য পুষ্টি বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতা
মেহেরপুর প্রতিনিধি \ গতকাল রবিবার দুপুরে মেহেরপুরের মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর আয়োজনে শিশুদের স্বাস্থ্য পুষ্টি বিষয়ে এক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তৃণমূল মডেল একাডেমী ও মোমীনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের নিয়ে এক কুইজ প্রতিযোগিতা হয়। কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আবুল বাশার। বিশেষ অতিথি ছিলেন ডাঃ মোঃ মিজানুর রহমান, সাংবাদিক রফিক-উল-আলম ও মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। অনুষ্ঠানটি সঞ্চালকের দায়িত্বে ছিলেন প্রোগ্রাম ম্যানেজার মুরাদ হোসেন।
মির্জাপুরে ভার্সিটি সার্কেল অ্যাসোসিয়েশনের ফ্রি ডেন্টাল ক্যাম্প
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ গত শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে ভার্সিটি সার্কেল এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি ডেন্টাল মেডিক্যাল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ ফ্রি ডেন্টাল মেডিক্যাল ক্যাম্প ও সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও রাজধানী ঢাকার জাপান গার্ডেন সিটি লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব এস এম খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ শহীদুল্লাহ্্। ভার্সিটি সার্কেল এসোসিয়েশনের সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.মোঃ ফজলুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভার্সিটি সার্কেল এসোসিয়েশনে সাধারণ সম্পাদক মোঃ বদর উদ্দিন, অধ্যক্ষ মোঃ ফাইজুর রহমান, নিলিটি ডি বি এল গ্রুপের জি এম ডি এম আবুল হোসেন, ইনার পাওয়ার গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর খ. লিয়াকত হোসেন প্রমুখ।
যশোরে সাড়ে ৮ কোটি টাকার ভারতীয় কাপড় উদ্ধার
ভ্রাম্যমাণ প্রতিনিধি \ বিজিবি দুটি পৃথক অভিযান চালিয়ে সাড়ে ৮ কোটি টাকা মূল্যের অবৈধভাবে আনা ভারতীয় কাপড় উদ্ধার করেছে। বিজিবি’র যশোর- ২৬ ব্যালিয়ন সূত্রে জানা যায়, গত শনিবার সকালে আমড়াখালী সীমান্ত এলাকায় একটি কাভার্ড ভ্যান তল্লাশী করে আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় উদ্ধার করা হয়। বিজিবি’র চুয়াডাঙ্গা- ৬ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল এস এম মনিরুজ্জামান জানান, শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে একটি ট্রাকের পিছু ধাওয়া করা হয়। ট্রাকটি কুষ্টিয়া শহরে প্রবেশের আগে বিজিবি আটক করে। এসব কাপড় উদ্ধার করা হয়।
নন্দীগ্রামে এমপিকে সংবর্ধনা
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ উপজেলায় রায়পুর কুস্তা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে গত শনিবার নন্দীগ্রাম-কাহালু সংসদ সদস্য রেজাউল করিম তানসেনকে এক সংবর্ধনা দেয়া হয়েছে। উক্ত সংবর্ধনায় ম্যানিজিং কমিটির সভাপতি আবু রায়হান-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য এমপি রেজাউল করিম তানসেন। উপজেলা জাসদের নেতা কামরুজ্জামান কামরুল, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, নুরুল ইসলাম শেফা, গোলাম রব্বানী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ রাজ্জাক, জেলা জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন দুখু প্রমুখ।
নবাবগঞ্জে এন.সি.সি ব্যাংকের গ্রাহক সমাবেশ
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা \ ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স (এন.সি.সি) ব্যাংক ঢাকার নবাবগঞ্জ শাখা গ্রাহক সমাবেশ করেছেন। রবিবার দুপুরে শাখা ভবনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম হাফিজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আখতার হামিদ খান। উপস্থিত ছিলেন দোহার নবাবগঞ্জ কলেজ অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মরিয়ম জালাল শিমু প্রমুখ।
ধামরাইয়ে ‘সজাগ’এর চিকিত্সা শিবির
ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ উপজেলার সোমভাগ ইউনিয়ন পরিষদে বেসরকারি সংস্থা ‘সজাগ’ সমৃদ্ধি প্রকল্পের আওতায় গতকাল রবিবার ইউনিয়নবাসীকে চিকিত্সা শিবিরের মাধ্যমে বীনামূল্যে চর্ম ও যৌন চিকিত্সা সেবা প্রদান করেছে সজাগের চিকিত্সকবৃন্দ। ব্যবস্থাপনায় ছিলেন সমন্বয়কারী কর্মকর্তা (মানবসম্পদ উন্নয়ন) আঃ রহমান ও তার সহকর্মীবৃন্দ। পরিচালক আব্দুল মতিন, সজাগের গণসংযোগ কর্মকর্তা মর্তুজ আলী, সোমভাগের ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম, ইউপি মেম্বার, সাংবাদিকবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
লালমনিরহাটে পুলিশ সুপারের মতবিনিময়
লালমনিরহাট প্রতিনিধি \ গতকাল রবিবার জেলা পুলিশের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামের সাথে জেলায় কর্মরত ইলেক্ট্রনিক্স ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান, সহকারী পুলিশ সুপারবৃন্দ ও অন্য পুলিশ কর্মকতারা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন এস.এম শফিকুল ইসলাম (ইত্তেফাক), একেএম মঈনুল হক (যুগান্তর), আব্দুর রব সুজন (প্রথম আলো), আহমেদুর রহমান মুকুল (সমকাল) প্রমুখ।
পাকুন্দিয়ায় কমিটি গঠন
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গত শনিবার বিকেলে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনার্স-মাস্টার্স স্টুডেন্টস এসোসিয়েশন-এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে সংবাদ সম্মেলন করে সর্বসম্মতিক্রমে ২০১৪ সনের জন্য আনোয়ার পারভেজকে সভাপতি ও জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো.আজিজুল হক। এসময় কবি ও সাহিত্যিক তরিকুল ইসলাম শাহীন, সাবেক সহ-সভাপতি প্রভাষক আমির খসরুসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লাপাড়ায় কাব স্কাউট লিডার প্রশিক্ষণ কোর্স
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ গত শনিবার উল্লাপাড়ায় কাব, স্কাউট, লিডার প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। উল্লাপাড়া মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয়ে বিকেলে ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উল্লাপাড়া উপজেলা স্কাউটস কমিটির সভাপতি মোহাম্মদ শামীম আলম। উদ্বোধনী অনুষ্ঠানে স্কাউটস-এর সভাপতি গোলাম মওলা, সাধারণ সম্পাদক মীর আব্দুল হান্নান ও যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম স্বপন বক্তব্য রাখেন। উপজেলার ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন কাব শিক্ষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছে।
চৌদ্দগ্রামে মেধাবীদের মাঝে বৃত্তি প্রদান
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা মাদরাসা শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত চতুর্থ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার বৃত্তি ও সনদপত্র গত শনিবার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সমিতির সভাপতি মাওলানা আনোয়ার উল্লাহ ভুঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌর মেয়র মিজানুর রহমান। আনম মোখলেছুর রহমান নোমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সুপ্রীম কোর্টের আইনজীবী আবদুল মান্নান ভুঁইয়া, শিক্ষানুরাগী আলহাজ্ব এনামুল হক খোন্দকার, মাহবুবুল হক মোল্লা বাবলু, আইনজীবী শাহজাহান লিংকন, সমিতির সাধারণ সম্পাদক একেএম শামছুদ্দিন, অধ্যক্ষ আমিনুল ইসলাম প্রমুখ।
পটিয়ায় অভিযানে চারটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা\ চট্টগ্রামের পটিয়ায় লাইসেন্স নবায়ন, প্যাথলজি লাইসেন্স, এক্সরে লাইসেন্স না থাকার অভিযোগে গত শনিবার অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকার জরিমানা করা হয়েছে । প্রতিষ্ঠানগুলো হচ্ছে— শেভরন, হসপিস ডায়াগনষ্টিক সেন্টার, মা-মনি ডায়াগনষ্টিক সেন্টার, মেট্টো ল্যাব ডায়াগনষ্টিক সেন্টারসহ চারটি ল্যাব ও ডায়াগনষ্টিক সেন্টারকে জরিমানা করেছে মোবাইল কোর্ট। প্রতি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। সহকারী কমিশনার ভূমি পটিয়া ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম সালাউদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। এসময় তার সাথে ছিলেন, ফায়ার স্টেশনের ইনচার্জ দোলন আচার্য, পটিয়া থানার এস আই অলি উল্লাহ, অফিস সহকারী অমর দাশ ।
ডোমারে বিনামূল্যে পারিজা ধানের বীজ বিতরণ
ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডোমার উপজেলায় আউশ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে পারিজা ধানের বীজ বিতরণ করা হয়েছে। গত শনিবার আরডিআরএস বাংলাদেশের আয়োজনে নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস এম সিরাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পারিজা ধানের বীজ বিতরণ করেন। আরডিআরএস বাংলাদেশের নীলফামারী কর্মসূচি সমন্বয়কারী খ ম রাশেদুল আরেফিনের সভাপতিত্বে এসময় আরডিআরএস’র সিনিয়র কৃষি কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন উপস্থিত ছিলেন।
নবীনগরে মাদক বিরোধী র্যালি ও পথসভা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গীতালীর উদ্যোগে গত শনিবার ‘মাদকমুক্ত নবীনগর চাই ’ এই শ্লোগানকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে প্রেসক্লাব চত্বরে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় শামিম রেজার সভাপতিত্বে নিজেরা মাদকমুক্ত থাকব, নবীনগরকে মাদকমুক্ত করব এই প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন আবু কামাল খন্দকার, কান্তি কুমার ভট্টাচার্য, মাহাবুব আলম লিটন, গৌরাঙ্গ দেব নাথ, এম এ খায়ের বারি, জাকির হোসেন জাকির, কাজী সুমন, আলমগীর, ওমর ফারুক প্রমুখ।
নোয়াখালীতে ডিজিটাল উদ্ভাবনী ও বিজ্ঞান মেলা শুরু
নোয়াখালী প্রতিনিধি \ নোয়াখালী জিলা স্কুলে গতকাল রবিবার থেকে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী ও বিজ্ঞান মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান। পরে স্কুল মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম বড়ুয়ার সভাপতিত্বে পুলিশ সুপার মোঃ ইলিয়াছ শরীফ, নোয়াখালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফণিন্দ্র কুমার দে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ রওশন আলী ও জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ জামালউদ্দিন ভুঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন। এ মেলায় ৩২ টি স্টল বসে।
সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধি \ নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে একটি ওয়ানস্যুটার বন্দুকসহ রাসেল(২৩) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক(এস আই) শওকত জানান, গত শনিবার রাতে মিজমিজি থেকে একটি ওয়ানস্যুটার বন্দুকসহ রাসেলকে গ্রেফতার করা হয়। রাসেল পেশায় একজন ছিনতাইকারী। পাশাপাশি সে মিজমিজি এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। পুলিশ এর আগেও তাকে কয়েকবার গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছিলো।
মুজিবনগরে জামায়াতের ৪ নেতাকর্মী গ্রেফতার
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুরের মুজিবনগরে জামায়াতের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এরা হচ্ছেন মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের বাবুল হোসেন (২৮), শিবপুর গ্রামের আব্দুল কুদ্দুস (৪৫), মোশারফ হোসেন ও ভবের পাড়া গ্রামের ফয়েজ উদ্দিন মাস্টার (৪৫)। গত শনিবার রাতে মুজিবনগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পুলিশের উপর হামলা মামলার সন্দিহান আসামি বলে মুজিবনগর থানা জানান। গত ১৯ সেপ্টেম্বর হরতাল অবরোধের সময় পুলিশের উপর হামলা করে জামায়াত-নেতা কর্মীরা। এ ঘটনায় থানার ওসিসহ কয়েকজন পুলিশ আহত হয়। এ সময় পুলিশ গুলি চালালে এক শিবির কর্মী নিহত হয়।
মহেশপুরে জামায়াত কর্মীসহ ৬ জন গ্রেফতার
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ গতকাল রবিবার দিবাগত রাতে মহেশপুর থানা পুলিশ অভিযান চালিয়ে জামায়াত কর্মীসহ বিভিন্ন মামলায় ৬জনকে গ্রেফতার করেছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ শাহাজান আলী জানায়, মহেশপুর থানা পুলিশ রবিবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে রামচন্দ্রপুর গ্রামের রবিউল ইসলাম (৬০), ইসরাইল (২৫), সবুর (৪০), আবু তালেব (৪৫), দারিয়াপুর গ্রামের রবিউল ইসলাম (৪০), ঝিনাইদহ সদর থানার খামরাইল গ্রামের আরজুল হক(৫০) কে আটক করে।
শ্যামনগরে ৫০ মণ মধু লুট করলো ভারতীয় বনদস্যুরা
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা \ গতকাল সাতক্ষীরার শ্যামনগরে মৌয়ালদের নৌকা থেকে ৫০ মণ মধু ২০ হাজার টাকা অস্ত্রের মুখে লুটে নিয়ে গেছে ভারতীয় বনদস্যুরা। ফিরে আসা মৌয়াল ফারুক, রুহুল আমিন জানান, গত ২৩ মে পশ্চিম সুন্দরবনের তালপট্টি নদীর চরের খাল থেকে ভারতীয় কানাই বাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে মধু কাটা দু’টি নৌকা একদিন ভর জিম্মি করে রেখে পরে সবকিছু রেখে তাদের ছেড়ে দেয়। সাতক্ষীরা রেঞ্জের এসিএফ সহকারী বন সংরক্ষক কেরামত আলী মল্লিক ঘটনার সত্যতা স্বীকার করেন।
চৌমুহনীতে শ্রী শ্রী রাম চন্দ্র দেবের তিরোধান উত্সব
চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা \ উপমহাদেশের প্রখ্যাত সিদ্ধপুরুষ শ্রী শ্রী রাম চন্দ্র দেবের চৌমুহনীস্থ সমাধি ক্ষেত্রে তিন দিনব্যাপী ৬৫তম তিরোধান উত্সব আরম্ভ হবে ৩০শে এপ্রিল থেকে। এ উপলক্ষে ৩০ শে এপ্রিল বিকাল সাড়ে তিনটা থেকে বেদবাণীপাঠ ও ঠাকুর প্রসঙ্গে আলোচনা। সন্ধ্যায় গঙ্গা আবাহন,উত্সব অধিবাস ও শ্রী শ্রী নামযজ্ঞারম্ভ। ১লা মে অহোরাত্র নামযজ্ঞ, প্রসাদ বিতরণ। ২রা মে অহোরাত্র নামযজ্ঞ, ভোর সাড়ে চারটা থেকে সকাল ১০ পর্যন্ত সমাধি স্নান, প্রসাদ বিতরণ। ৩রা মে ভোরে নামযজ্ঞ সমাপ্ত।
মোরেলগঞ্জে বাংলা মদ তৈরির কারখানার সন্ধান
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাটের মোরেলগঞ্জ থানা পুলিশ গত শনিবার রাত ৮টায় বাংলা মদ তৈরির একটি কারখানা আবিষ্কার করেছে। উদ্ধার করেছে মদ তৈরির মালামাল ও সরঞ্জাম। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল কেজি স্কুল রোডস্থ চারাহাটায় শাহ আলম শেখ ওরফে আলম শেখের কাঠের গোলা সংলগ্ন আবাসিক কক্ষ থেকে তৈরিকৃত নেশাজাতীয় বাংলা মদ, মদ তৈরির কাঁচামাল, ৩ লিটার স্প্রিট, ২০ কেজি চিটাগুড়, আধা কেজি খাবার সোডা, এক কৌটা আঙ্গুর ফলের রস উদ্ধার করে। এ সময় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
ভাঙ্গায় আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপি নেতাদের ত্রাণ
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গত এক সপ্তাহে ২ দফা আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বিএনপি নেতারা। গত শনিবার বিকালে নুরুল্লাগঞ্জ ইউনিয়নের তাঁতীবাজার গ্রাম ও আলগী ইউনিয়নের সুয়াদী গ্রামের ২৪টি পরিবারের মাঝে ত্রাণ তুলে দেয়া হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি হাজী খন্দকার ইকবাল হোসেন সেলিম। কেন্দ্রীয় স্বেচ্ছা সেবক দলের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য কাজী কাওছার আহম্মেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী হাবিবুর রহমান, সহ-সভাপতি মুন্সী মনিরুজ্জামান মনি প্রমুখ।
রামগড়ে শহীদ ক্যাপ্টেন কাদের বীর উত্তমের শাহাদাত্বার্ষিকী পালন
রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা \ যথাযোগ্য মর্যাদায় আজ ২৭ এপ্রিল রামগড়ে শহীদ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আফতাবুল কাদেও বীর উত্তম-এর ৪৩তম শাহাদাত্বার্ষিকী পালিত হয়েছে। ১৯৭১ সালের আজ এ দিনে মহালছড়িতে পাকবাহিনীর সাথে সংঘটিত এক প্রচণ্ড সম্মুখযুদ্ধে শাহাদাত্বরণ করেন তিনি। তরুণ এ বীর মুক্তিযোদ্ধার শাহাদাত্বার্ষিকী উপলক্ষে বাদ ফজর শহীদের উদ্দেশ্যে কোরআনখানি অনুষ্ঠিত হয়। এসময় রামগড়স্থ শহীদ ক্যাপ্টেন কাদের বিদ্যানিকেতনের সভাপতি মংপ্রু চৌধুরি, রামগড়ের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সেক্রেটারি মোহাম্মদ মোস্তফা, বিদ্যালয়ের উপাধ্যক্ষ আনিসুর রহমান, সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, রতন বৈষ্ণব প্রমুখ উপস্থিত ছিলেন।
যশোরে গুলি করে ছিনতাইকারী আটক ও অস্ত্র উদ্ধার
যশোর অফিস \ যশোরে পুলিশ গুলি করে এক ছিনতাইকারীকে আটক করেছে। আটক ছিনতাইকারী আনোয়ার হোসেন (২৩) শহরের শংকরপুর বধ্যভূমি এলাকার ফারুক হোসেনের ছেলে। রবিবার শংকরপুর বধ্যভূমি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আনোয়ারের কাছ থেকে ছিনতাইকৃত স্বর্ণের চেইন, ১টি ওয়ানশ্যূটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আনোয়ার এক নারীর চেইন ছিনতাই করে পালানোর সময় পুলিশের সামনে পড়ে যায়। এ সময় পুলিশ তাকে ধাওয়া করলে সে গুলি করার চেষ্টা করে। পরে পুলিশ তার পায়ে গুলি করে আটক করে। আটকের পর তার কাছ থেকে ছিনতাইকৃত স্বর্ণের চেইন, ১টি ওয়ানশ্যূটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আনোয়ারকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।