মাদ্রিদ-রোমে থাকছেন না আজারেঙ্কা

ইনজুরির কারণে শনিবার মাদ্রিদ ও রোম টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বের সাবেক এক নম্বর টেনিস তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কা। বাঁ-পায়ের পাতায় ইনজুরির কারণে আগামী মে মাসে মাদ্রিদ ও রোম ডব্লি¬উটিএ টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করার পর এ তারকার আসন্ন ফরাসি ওপেনে অংশ নেয়ার বিষয়েও সন্দেহ সৃষ্টি হয়েছে। বেলারুশের এ সুন্দরী তারকা মার্চ মাসের প্রথম সপ্তাহে ইন্ডিয়ান ওয়েলসে অনুষ্ঠিত লরেন ডেভিস টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পরাজয়ের পর থেকেই মাঠের বাইরে রয়েছেন। ২৪ বছর বয়সী এ তারকা নিজের ফেসবুকে লিখেছেন আগামী মে মাসে অনুষ্ঠেয় মাদ্রিদ ও রোম টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন তিনি। আগামী ২৫ মে শুরু হতে যাওয়া বছরের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম ফরাসি ওপেনের আগে অনুশীলন টুর্নামেন্ট হিসেবে এ টুর্নামেন্ট দুটি খুবই গুরুত্বপূর্ণ। আজারেঙ্কা বলেন, ‘আমার অবস্থার উন্নতি হচ্ছে কিন্তু এখনো আমি এ দুটি টুর্নামেন্টে খেলার মত ফিট নই। তবে ফিট হয়ে ওঠার জন্য আমি কঠোর পরিশ্রম করছি। খুব শিগগিরই ফিট হয়ে উঠব বলে আশা করছি।’ ২০১৪ সালে এ পর্যন্ত তিনি কেবলমাত্র ব্রিজবেন, অস্ট্রেলিয়ান ওপেন এবং ক্যালিফোর্নিয়া এ তিনটি টুর্নামেন্টে খেলেছেন।—বাসস