বড় জয়ে শুরু গিগসের
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৪, ২২:০৮
দায়িত্ব হাত বদলের সাথে সাথেই বদলে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। কোচ হিসেবে রায়ান গিগসের অভিষেক ম্যাচেই ওয়েন রুনি ও জুয়ান মাতার জোড়া গোলে রেড ডেভিলরা নরউইচ সিটিকে হারালো ৪-০ গোলের বিশাল ব্যবধানে।
গত সপ্তাহে দলের ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের কারণে ডেভিড ময়েসকে বরখাস্ত করে ইউনাইটেড। আর নতুন কোচ খুঁজে না পাওয়া পর্যন্ত খেলোয়াড় ও সহকারী কোচ রায়ান গিগসকে দায়িত্ব দেয়া হয়। গত শনিবার গিগসের অধীনে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে খেলতে নেমে শুরু থেকেই দারুণ উজ্জীবিত ছিল ইউনাইটেডের খেলোয়াড়েরা। তবে প্রথম গোলের দেখা পেতে স্বাগতিকদের অপেক্ষা করতে হয় ৪১ মিনিট পর্যন্ত।
ইংল্যান্ডের স্ট্রাইকার ড্যানি ওয়েলবেককে ডি বক্সের মধ্যে ডিফেন্ডার স্টিভেন হুইটেকার ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। আর তা থেকেই প্রথম গোলটি করেন ওয়েইন রুনি। ব্যবধান দ্বিগুণ করার কৃতিত্ব অবশ্য পুরোটাই রুনির। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে জাপানের মিডফিল্ডার শিনজি কাগাওয়ার পাস পেয়ে কিছুটা আড়াআড়িভাবে এগিয়ে গিয়ে দুর্দান্ত শটে গোলটি করেন রুনি।
৬৩ মিনিটে ব্যবধান ৩-০ করার পাশপাশি জয়টাও নিশ্চিত করে ফেলেন বদলি খেলোয়াড় হুয়ান মাতা। গোলটির খানিক আগে ডি বক্সের বাইরে থেকে নেয়া রুনির আরেকটি শট লাফিয়ে ঠেকিয়ে দেন নরউইচের গোলরক্ষক। কিন্তু পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ওখান থেকে দুই সতীর্থের পা ঘুরে বল পেয়ে যান মাতা। তা থেকেই গোলটি করেন স্পেনের এই ফরোয়ার্ড। আর ১০ মিনিট বাদে ইকুয়েডরের মিডফিল্ডার আন্তোনিও ভ্যালেন্সিয়ার ক্রসে আলতোভাবে মাথা ছুঁইয়ে বড় জয় নিশ্চিত করেন মাতা। ৩৫ ম্যাচ শেষে ৬০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ইউনাইটেড।
এদিকে দিনের প্রথম ম্যাচে হেরে গেছে এভারটন। সাউদাম্পটনের মাঠে ২-০ গোলে হেরে যাওয়ায় তাদের চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্নে একটা বড়সড় ধাক্কাই লেগেছে। ৩৬ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে এভারটন। এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে তাদের উপরেই আছে আর্সেনাল। দিনের অন্যান্য ম্যাচে টটেনহ্যাম হটস্পার ১-০ গোলে স্টোক সিটিকে, সোয়ানসি সিটি ৪-১ গোলে অ্যাস্টন ভিলাকে ও ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওন ১-০ গোলে ওয়েস্টহ্যামকে হারিয়েছে।
পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে থাকা আর্সেনাল আজ মুখোমুখি হবে নিউক্যাসল ইউনাইটেডের। ৩৫ রাউন্ড শেষে আর্সেনালের পয়েন্ট ৭০। শক্তিমত্তার দিক থেকে প্রতিপক্ষের চেয়ে অনেকটা এগিয়ে থাকলেও নিজেদের মাঠে ম্যাচটিকে গুরুত্বের সাথেই দেখছেন গানার কোচ আর্সেন ওয়েঙ্গার, ‘নিউক্যাসল দলটাকে খাটো করে দেখার কোন সুযোগ নেই। আর প্রিমিয়ার লিগে যেকোন ম্যাচে মাঠে নামার আগেই নিজেদের প্রস্তুত করে নেয়ার একটা ব্যাপার থাকে। তাই সেরা খেলা খেলেই আমাদের জিততে হবে।’