‘দেশে প্রতি বছর ৫০ হাজার রোগীর কোমর ও হাঁটু প্রতিস্থাপন প্রয়োজন’

দেশে প্রতিবছর প্রায় ৫০ হাজার রোগীর কোমর ও হাঁটু প্রতিস্থাপন করার প্রয়োজন হলেও করা হয় মাত্র ৩০০ থেকে ৩৫০ জনের। দেশে এখনো কোমর ও হাঁটু প্রতিস্থাপন অপারেশনের ক্ষেত্রে রয়েছে নানা প্রতিবন্ধকতা। এ ধরনের অপারেশনের জন্য যে ধরনের অপারেশন থিয়েটার প্রয়োজন তা আমাদের দেশের অনেক হাসপাতালে নেই। বিশেষ করে অনেকেই জানে না যে দেশে এ ধরনের অপারেশন হয়। ব্যয়বহুল এ ধরনের অপারেশনের ব্যয় বহন করা অনেকের ক্ষেত্রেই সম্ভব হয় না। তাই তিন দিনব্যাপী বিনামূল্যে কোমর ও হাঁটু প্রতিস্থাপন এর উদ্যোগ নিয়েছে ‘ইবনে সিনা ট্রাস্ট’। গতকাল রবিবার সকালে রাজধানীর কল্যাণপুরের ইবনে সিনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তিন দিনের এই ‘কোমর ও হাঁটু প্রতিস্থাপন অপারেশন ক্যাম্পে’র উদ্বোধনী অনুষ্ঠান ও লাইভ ওয়ার্কসপে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির প্রেসিডেন্ট অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী এসব কথা বলেন। ইবনে সিনা ট্রাস্টের সদস্য অধ্যাপক ডা. এ কে এম সদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইবনে সিনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ আ.ন.ম. জিয়া-উর-রহমান ও সার্জিক্যাল টীমের প্রধান কোলকাতার পিয়ারলেস হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. নিখিলেস দাস।