ভুয়া ম্যারেজ মিডিয়া চক্রের ৯ জন গ্রেফতার

রাজধানীর আব্দুল্লাহপুর থেকে ভুয়া ম্যারেজ মিডিয়া চক্রের মূলহোতা হামিদসহ নয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- ভুয়া ম্যারেজ মিডিয়ার মালিক আব্দুল হামিদ, নাসির উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, রফিকুল ইসলাম, আবুল কালাম, লিংকন, জেসমিন আক্তার ওরফে লোচনী, শাহনাজ পারভীন ওরফে মুন্নি এবং সাবেকুন্নাহার টপি। গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, প্রতারক চক্রের অন্যান্য সদস্য ইরানী, মুন্নী, তিশা, সাগর ও মিজান অভিযানের সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে তাদের প্রতারণার কাজে ব্যবহূত বিভিন্ন জাল বিদেশি পাসপোর্ট, ভিসা, নিকাহনামা ও নোটারী পাবলিকের স্ট্যাম্প জব্দ করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা বিয়ের প্রলোভন দেখিয়ে অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড ও আমেরিকা প্রবাসী মহিলাদের ভুয়া সুন্দরী পাত্রী সাজিয়ে সাধারণ মানুষের নিকট হতে টাকা-পয়সা হাতিয়ে নেয়।