গরমে ফলের রস
প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৪, ১৯:৪৪
আস্তে ধীরে বাড়তে শুরু করেছে রোদের তেজ। বাড়ছে গরমও। একটু-আধটু পরিশ্রমেই বড্ড ক্লান্ত হয়ে পড়ছে শরীর। তাই তৃষ্ণা মেটাতে সঙ্গী করুন এমন সব ফল আর ফলের রস, যেটি ওষুধেরও কাজ করবে। লিখেছেন প্রাঞ্জল সেলিম
তরমুজের রস
তরমুজ শুধু তৃষ্ণা মেটায় না, বাড়তি হিসেবে এতে রয়েছে নানা উপকারি উপাদান। যা আপনার শরীরকে রাখবে সতেজ ও চাঙ্গা।
কমলার রস
এখন বছরজুড়ে বাজারে পাওয়া যায় কমলা। কমলার রসে থাকে হেসপেরিডিন নামের একধরনের অ্যান্টি-অক্সিডেন্ট। এটি হূদরোগের ঝুঁকি কমায়। রক্তনালীর কর্মক্ষমতা বাড়িয়ে দেয়। এক গবেষণায় দেখা যায়, যারা দৈনিক ৫০০ এমএল কমলার রস খায়, তাদের রক্তচাপ নিয়ন্ত্রিত থাকে অন্য ব্যক্তিদের তুলনায় অনেক বেশি।
আঙুরের রস
আঙুরের রস সুস্বাদু তো বটেই, ওজন কমাতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখে। ওজন কমানোর জন্য শরীর সম্পর্কে সচেতন মানুষ কায়দা-কসরতের অন্ত রাখে না। শরীরচর্চা, আধপেটা খেয়ে থাকা—সবকিছুই চলে সমানে। কিন্তু যারা এতসব ঝক্কিতে যেতে চায় না, তাদের জন্য আছে এক সহজ সমাধান। আঙুরের রস হতে পারে তাদের জন্য একমাত্র ওষুধ।
আপেলের রস
আপেলের রস মস্তিষ্কে অ্যাসিটাইলকোলিনের মাত্রা ঠিক রেখে আলঝেইমার থেকে দূরে রাখতে সাহায্য করে। আমাদের মস্তিষ্কে গুরুত্বপূর্ণ একধরনের রাসায়নিক পদার্থ আছে, নাম অ্যাসিটাইলকোলিন। এটি মস্তিষ্কের স্মৃতি অংশের জন্য খুব দরকারি। কোনো কারণে যদি এটির মাত্রা কমে যায়, তাহলে সেই মানুষটি আলঝেইমার রোগে আক্রান্ত হবে। অর্থাত্, মানুষটি তার ছোট ছোট স্মৃতি হারাবে। এক্ষেত্রে আপেলের রস হতে পারে সহজ সমাধান।