সৈয়দপুরের কাঙ্গালপাড়া ব্রিজের নড়বড়ে পিলার

নীলফামারীর সৈয়দপুরের খড়খড়িয়া নদীর উপর নির্মিত ব্রিজটির গোড়ার পিলার নড়বড়ে হয়ে পড়েছে। ফলে আসন্ন বর্ষা মৌসুমে এর উপর দিয়ে চলাচল বন্ধ হয়ে যাবে বলে লোকজন আশংকা প্রকাশ করছেন। উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নসহ আশ-পাশের লোকজনের চলাচলের একমাত্র ব্রিজটি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে প্রায় ৬৫ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর নির্মাণ করে কয়েক বছর আগে। কাজ শুরুর দিকে নিম্নমানের সামগ্রীতে তৈরি করার কারণে লোকজন কয়েক দফা বাধাও দেয়। সংশ্লিষ্ট ঠিকাদার সেসময় খুঁটির জোরে এই ব্রিজটি নির্মাণ করে সমুদয় অর্থ তুলে নেন। পরবর্তীতে ব্রিজটি সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়। প্রতিবছর বাঁশের সাঁকো নির্মাণ আর চলাচলের দুর্ভোগ থেকে হাজার হাজার মানুষ মুক্তি পায়। বর্ষার আগেই ব্রিজের গোড়ার পিলার রক্ষায় ব্যবস্থা না দিলে আবারও দুর্ভোগে পড়বেন এলাকাবাসী।