পিরোজপুরে তিনটি আসনে ৩০ জনের মনোনয়নপত্র দাখিল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন গতকাল বুধবার পর্যন্ত পিরোজপুর জেলার তিনটি আসনে ৩০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে পিরোজপুর-১ আসনে (সদর-নাজিরপুর-নেছারাবাদ) ১১ জন, পিরোজপুর-২ আসনে (কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানি) ছয়জন ও পিরোজপুর-৩ আসনে (মঠবাড়িয়া) ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। পিরোজপুর-১ ও ৩ আসনে আওয়ামী লীগের তিনজন করে, ২০ দল ও বিএনপি’র তিন ও দুইজন রয়েছেন। পিরোজপুর-৩ আসনে মহাজোটের (জাতীয় পার্টি-এরশাদ) প্রার্থী রয়েছে। পিরোজপুর-২ আসনে ২০ দলের দুজন প্রার্থী রয়েছেন। তবে এ আসনে ১৪ দলের একক প্রার্থী হয়েছেন জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। 

পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য এ কে এম এ আউয়াল (স্বতন্ত্র), আওয়ামী লীগ নেতা গোলাম হায়দার (স্বতন্ত্র), ২০ দলের মোস্তফা জামাল হায়দার, শামীম বিন সাঈদী ও ব্যারিস্টার সরোয়ার হোসেন, ডা. তপন বসু (বাম গণতান্ত্রিক জোট), ইসলামী আন্দোলনে হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহ, মোঃ নজরুল ইসলাম (জাতীয় পার্টি-এরশাদ), মনি মোহন বিশ্বাস (বিএনএফ) ও মেহেদী হাসান রনি      (এনপিপি) মনোনয়নপত্র জমা দেন। পিরোজপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের কাছে আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়নপত্র জমাদানকালে পিরোজপুরের পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, সাবেক এমপি মোঃ শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। আউয়ালের পক্ষে সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আসিফ মাহমুদের কাছে মনোনয়নপত্র দাখিলের সময় তার ছোট ভাই সদর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু প্রমুখ ছিলেন। সাবেক এমপি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম বিন সাঈদীর পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন তার ভাই ইন্দুরকানি উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী।

এ দিকে পিরোজপুর-২ আসনে গত সোমবার জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু’র পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়। এ আসনে ২০ দলের মোঃ মোস্তাফিজুর রহমান (লেবার পার্টি) ও আহমেদ মঞ্জুর সুমন (বিএনপি), আব্দুল হামিদ হাওলাদার (বাম গণতান্ত্রিক জোট) এবং আবুল কালাম আজাদ (ইসলামী আন্দোলন) ও রেজাউল করিম গাজী (বিএনএফ) মনোনয়নপত্র দাখিল করেন।   

মঠবাড়িয়া সংবাদদাতা জানান, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম. সরফরাজের কাছে এ মনোনয়নপত্র জমা দেন। এতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে সাত জন এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ ছয় জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। মহাজোট প্রার্থী ও জাপার কেন্দ্রীয় নেতা ও বর্তমান সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী ও তার স্ত্রী খাদিজা আক্তার খুশবু, উপজেলা জাতীয় পার্টি-জাপা’র সভাপতি নুরুজ্জামান লিটন, সহ-সভাপতি জলিলুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টুক, যুব সংহতির সাধারণ সম্পাদক সফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। গতকাল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়াও বিএনপির অপর প্রার্থী দলটির কেন্দ্রীয় কমিটির সাবেক বন ও পরিবেশ সম্পাদক কর্নেল শাজাহান মিলন মনোনয়নপত্র দাখিল করেন। এ দিকে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুর রহমান পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে, আওয়ামী লীগ থেকে ২০০৮ সালে নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. আনোয়ার হোসাইন ও জেলার সহ-সভাপতি স্বাচিপ নেতা ডা. এম নজরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। এ ছাড়াও ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোঃ ফিরোজ আলম, বাম গণতান্ত্রিক জোটের পক্ষে জেলা সিপিবি সভাপতি অ্যাডভোকেট দিলীপ কুমার পাইক, ইসলামী আন্দোলনের মোঃ ছগির হোসেন, খেলাফত আন্দোলনের মোঃ আবদুল লতিফ সিরাজী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ আবু তারেক মৃধা, সুধীর রঞ্জন বিশ্বাস ও মোঃ রিয়াজ উদ্দিনসহ মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।