সারাদেশে জাতীয় আইন সহায়তা দিবস উদযাপন

‘গরীবের মামলার ভার বহন করবে সরকার এ শ্লোগানকে সামনে রেখে গতকাল সোমবার সারাদেশে জাতীয় আইন সহায়তা দিবস উদ্যাপিত হয়। খবর ইত্তেফাক প্রতিনিধিদের। নোয়াখালী সকালে জেলা ও দায়রা জজ মোঃ আবদুল কুদ্দুস মিয়ার নেতৃত্বে জেলা শহরে এক বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়। পরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে জেলা ও দায়রা জজের সভাপতিত্বে এক আলোচনা সভায় জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। মাদারীপুর জাতীয় আইনগত সহায়তা দিবস পালন উপলক্ষে সোমবার স্থানীয় স্বাধীনতা অঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে আলোচনা করেন জেলা ও দায়রা জজ মো. মহসীন মোল্যা। দিবসটি পালন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাস। গাজীপুর গতকাল সোমবার সকালে দিবসটি পালন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আদালত চত্বরে জেলা ও দায়রা জজ আমির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফাতেমা নজীব, জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম, পুলিশ সুপার মো. আব্দুল বাতেন প্রমুখ। নওগাঁ নওগাঁয় র্যালি এবং আলোচনা সভার মধ্যে দিয়ে আইন সহায়তা দিবস পালিত হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টায় নওগাঁ সার্কিট হাউজ থেকে জেলা ও দায়রা জজ কামাউলজ্জামানের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। মাগুরা সোমবার এ উপলক্ষে মাগুরা জেলা ও দায়রা জজ মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে সকালে শহরে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে জজ কোর্ট প্রাঙ্গণে আলোচনা সভা, লিগ্যাল এইড মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাগেরহাট সোমবার সকালে বাগেরহাট আদালত চত্বর থেকে বর্ণাঢ্য এ র্যালি বের হয়। র্যালিটি বাগেরহাট-খুলনা মহাসড়কের ওপর দিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনাল হয়ে পুনরায় আদালত চত্বরে এসে শেষ হয়। র্যালিতে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, জেলা ও দায়রা জজ এস এম সোলায়মান, জেলা প্রশাসক মুঃ শুকুর আলী অংশ গ্রহণ করেন। ফেনী ফেনীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ সোমবার সকালে অনুষ্ঠিত হয়। র্যালি উদ্বোধন করেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জেলা কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ দেওয়ান মোঃ সফি উল্লাহ্। জয়পুরহাট দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা আইনজীবী ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা ও দায়রা জজ কে এম জুলফিকার আলী, জেলা পরিষদের প্রশাসক এসএম সোলায়মান আলী, পুলিশ সুপার হামিদুল আলম। মৌলভীবাজার সোমবার দিবসটি উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বর্ণাঢ্য এ শোভাযাত্রার আয়োজন করে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা। জজ কোর্ট প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে পৌরসভার সামনে দিয়ে জেলা কালেক্টরেট ভবনে এসে শেষ হয়।