আইনি সহায়তা প্রাপ্তি জনগণের সাংবিধানিক অধিকার: আইনমন্ত্রী

আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, আইনগত সহায়তা সরকারের দান বা বদান্যতা নয়। এই সহায়তা পাওয়া জনগণের সাংবিধানিক অধিকার। তিনি বলেন, বর্তমান সরকার আইনের শাসনে বিশ্বাসী বলেই জনগণের এ অধিকার প্রতিষ্ঠায় ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে এ সেবামূলক কর্মসুচি থেকে দরিদ্র ও অসহায় জনগণ আইনি সহায়তা থেকে বঞ্চিত হয়। সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী এসব কথা বলেন। আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের সভাপতিত্বে ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর পলিন টেমেসিস, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম, আইনি সহায়তা সেবাদাতা ময়মনসিংহের জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদা ও সেবাগ্রহিতা রাশেদা চৌধুরী জলি বক্তব্য রাখেন। পরে তিনি ওসমানী স্মৃতি মিলনায়তন প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী লিগ্যাল এইড মেলারও আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং মেলায় অংশ নেয়া স্টলগুলো ঘুরে দেখেন।