গুম ও অপহরণের ঘটনা সীমা অতিক্রান্ত: সুরঞ্জিত

আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, গুম ও অপহরণের ঘটনা সীমা অতিক্রম করেছে। সম্প্রতি নারায়ণগঞ্জের ৫ জন অপহরণের ঘটনা দেশে সুষ্ঠু আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সুশাসন নিশ্চিতের দৃষ্টান্ত নয়। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। সোমবার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত আওয়ামী লীগ নেতা প্রয়াত আব্দুস সামাদ আজাদের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, যদি ত্বকী হত্যা মামলার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের খুঁজে বের করা হতো তাহলে নারায়ণগঞ্জের আবু বকর সিদ্দিক এবং প্যানেল চেয়ারম্যান ও তার কৌঁসুলিসহ পাঁচজনের অপহূত হতে হতো না। তিনি বলেন, সরকারের সামনে দুটি চ্যালেঞ্জ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সুশাসন প্রতিষ্ঠা করা। তাই অপহরণ গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পিছনে যে চক্র জড়িত তাদের খুঁজে বের করতে হবে। সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ সেলিম, এমপি হারুন চৌধুরী প্রমুখ।