রিয়াল-বায়ার্ন সেমিফাইনালের দ্বিতীয় লেগ আজ
মহারণের শেষ অধ্যায়
প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৪, ২২:০৬
তারকাদ্যুতি, পৃথিবীজুড়ে সমর্থক গোষ্ঠী, কোচদের খ্যাতি কিংবা অতীত সাফল্য; কোন বিচারেই রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ পিছিয়ে নেই একে অন্যের চাইতে। এমন দুই দলের লড়াইয়ের মঞ্চটা হবে ফাইনাল, সেটাই তো স্বাভাবিক। অথচ ভাগ্যের কি পরিহাস, আলিয়াঞ্জ অ্যারেনায় আজ সেমিফাইনালের দ্বিতীয় লেগ শেষে বিদায় নিতে হচ্ছে যে কোন এক দলকে। নিজেদের মাঠে মহারনের প্রথম ধাপে জিতে আজ প্রতিপক্ষের মাঠে একটু হলেও এগিয়ে আছে রিয়াল। তবে স্বাগতিক দর্শকদের সমর্থনকে কাজে লাগিয়ে মহারনের শেষ অধ্যায়ে রিয়ালকে টপকে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলতে প্রস্তুত স্বাগতিকরাও।
ফাইনালে যাওয়ার এই লড়াইয়ে দুইদলকে হাতছানি দিচ্ছে বেশকিছু রেকর্ডও। প্রথম লেগে বার্নাব্যুতে ১-০ গোলে হারের ধাক্কা সামলে আজ জিতে গেলে বায়ার্ন হবে ১৯৯০ সালের পর প্রথম দল হিসাবে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখার পথে আরেকধাপ এগিয়ে যাবে। তবে বায়ার্নের সেই রেকর্ড যাত্রায় বাধার প্রাচীর তুলতে প্রস্তুত রিয়ালও। প্রথম দল হিসাবে ‘লা দেসিমা’ বা দশম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার স্বপ্নে বিভোর দলটি সর্বশেষ লিগ ম্যাচে ওসাসুনাকে চার গোলে উড়িয়ে দিয়ে
প্রথম লেগে জেতায় আজ রিয়াল রক্ষণাত্মক খেলবে এমন ধারণাকে উড়িয়ে দিয়ে রিয়াল কোচ কার্লো অ্যানচেলোত্তি জানিয়েছেন, বরাবরের মতো আক্রমণাত্মক এক মাদ্রিদকেই আজ দেখবেন ব্যাভারিয়ান সমর্থকরা। পাশাপাশি নিশ্চয়তা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো-গ্যারেথ বেল-করিম বেনজামা এই স্ট্রাইকারত্রয়ীকে একত্রে খেলানোর বিষয়েও। দুই উইংয়ের পাশাপাশি মাঝমাঠ থেকেও সফল আক্রমণ রচনার জন্য প্রস্তুত ফার্নান্দো আলোনসো-মার্সেলোরাও। তাদের পাশাপাশি দেখা যেতে পারে ডিফেন্সিভ মিডফিল্ডার ইসকোকেও। আর একাদশ সম্পর্কে অ্যানচেলোত্তি এমন ধারণা দেয়ার পর বোঝাই যাচ্ছে, অজেয় জার্মান দুর্গ জয় করার লড়াইয়ে আজও পরিচিত ৪-৩-৩ ফরমেশনেই হাঁটবেন এই ইতালিয়ান।
চ্যাম্পিয়ন্স লিগে ২৪টি গোল করা রিয়াল একাদশের এই সম্মুখসেনাদের নিয়ে অ্যানচেলোত্তি বলেন, ‘রোনালদো, বেল এবং বেনজামা মঙ্গলবার (আজ) খেলছে। কারণ, যত তাড়াতাড়ি আমরা গোল করতে পারি ততই সুবিধা। রোনালদো মাঠে নামতে প্রস্তুত। সে দারুণ আত্মবিশ্বাসী এবং আমার মনে হয় সে প্রস্তুত। বেল কিছুটা দুর্বল বোধ করছিল। তাই তাকে শনিবার আলাদাভাবে অনুশীলন করানো হয়েছে। আমার মনে হয় মঙ্গলবারের আগেই সে সুস্থ হয়ে উঠবে। আর বেনজামা প্রতিনিয়তই উন্নতি করে যাচ্ছে।’
এদিকে, লিগে সামপ্রতিক বাজে ফর্মের ধারা ভেঙ্গে নিজেদের গুছিয়ে নেবার ইঙ্গিত দিয়েছে বায়ার্নও। ওয়ার্ডার ব্রেমেনের বিরুদ্ধে দুইবার পিছিয়ে পড়েও বুন্দেসলিগায় নিজেদের সর্বশেষ ম্যাচে শেষ পর্যন্ত ৫-২ গোলের বড় জয়ই পেয়েছে তারা।
যদিও পেপ গার্দিওলার বিশ্বাস, রিয়ালের মতো শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে এই নড়বড়ে ভাবই হয়ে উঠতে পারে পরাজয়ের কারণ। বায়ার্ন কোচ বলেন, ‘প্রথমার্ধে আমরা যেমনটা খেলেছি সেটা সমর্থকদের মোটেই প্রাপ্য ছিল না। দ্বিতীয়ার্ধে অবশ্য আমরা ঘুরে দাঁড়াই। মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচের আগে এটা আমাদের মানসিকভাবে এগিয়ে নেবে। কিন্তু সেটা হবে একেবারেই ভিন্ন একটা ম্যাচ। তবে খেলোয়াড়দের উপর পরিপূর্ণ আস্থা আমার আছে। সবাই মিলে কাজটা করতে পারবো বলেই আমার বিশ্বাস।’
দুই কোচই যেভাবে আক্রমণাত্মক খেলার প্রতিশ্রুতি দিলেন, ফুটবলপ্রেমীদের কাছে ম্যাচটার আবেদন তাতে আরো বাড়লো সন্দেহ নেই!