গোল্ড কাপ জিতলো মৌলভীবাজার সদর
প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৪, ২২:০৭
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মৌলভীবাজার স্টেডিয়ামে পুলিশ সুপার গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে মৌলভীবাজার সদর উপজেলা। গত রবিবার অনুষ্ঠিত ফাইনালে দলটি সাত উইকেটে হারিয়েছে রাজনগর উপজেলাকে।
টসে জিতে প্রথমে ব্যাট করে রাজনগর উপজেলা ২৯ ওভারে ৭৯ রান করে। জবাবে মাত্র তিন উইকেট হারিয়ে ১১.৩ ওভারেই মৌলভীবাজার সদর উপজেলা জয়ের বন্দরে পৌঁছে যায়।
খেলা শেষে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার তোফায়েল আহাম্মদ এবং জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান পুরস্কার বিতরণ করেন। আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মেজবাউর রহমান এবং টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ফজলুর রহমান।
সুমা ফুডের সহযোগিতায় টুর্নামেন্টটিতে ৭টি উপজেলা ও ১টি পৌরসভাসহ মোট ৮টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্ট শুরু হয় গত ২০ এপ্রিল।