সড়ক দুর্ঘটনা রোধে তথ্যপ্রযুক্তির ব্যবহার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৪, ১৯:৪৭
গত ২৭ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের আয়োজনে ‘সড়ক দূর্ঘটনা রোধে তথ্যপ্রযুক্তির ব্যবহার’ শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসের কনফারেন্স রুমে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি সচিব এনআই খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুত্ফর রহমান এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুর রাজ্জাক। তথ্যপ্রযুক্তির বিভিন্ন দিক ব্যবহার করে সড়ক দুর্ঘটনা রোধে তার তত্ত্বাবধানে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী অমিত, তমাল, সাকিব ও নুসরাতের প্রচেষ্টায় উদ্ভাবিত Driver Distraction Management System-এর কার্যপ্রণালী, ব্যবহার ও প্রায়োগিক দিকসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। এই প্রকল্পে সহায়তার আশ্বাস প্রদান করেন আইসিটি সচিব। এই প্রকল্পের বিস্তারিত জানা যাবে http://driverdistraction.gnrbd.net ঠিকানায়।