ডাকাতের গুলিতে যুবলীগ নেতা নিহত

মৌলভীবাজার শহরতলীর হিলালপুর গ্রামে ডাকাতের গুলিতে নজরুল ইসলাম নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছে। এ সময় ডাকাতের হামলায় মহিলাসহ ৫জন আহত হয়। গত সোমবার রাত আড়াইটার দিকে হিলালপুর গ্রামের নুরুল আহমদের বাড়িতে একদল ডাকাত দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি মারধর করে ডাকাতি চালায়। ডাকাতরা আলমিরা ভেঙে নগদ ৪৫ হাজার টাকা ও ২০ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল লুট করে। এ সময় বাড়ির লোকজনের চিত্কারে পার্শ্ববর্তী এলাকার লোকজন এগিয়ে আসলে ডাকাতের গুলিতে সদর উপজেলা যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মারা যান। এলাকাবাসী জানায়, ২৫/৩০ জনের ডাকাত দল মুখোশ পরা অবস্থায় ডাকাতি করে।