বিকল্প কর্মসংস্থানের দাবিতে বিড়ি শ্রমিকদের বিক্ষোভ
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৪, ২১:১০
বিকল্প কর্মসংস্থানের দাবিতে রংপুরে বিড়ি শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে। মঙ্গলবার নগরীর পায়রা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নগর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মানববন্ধন করে। কয়েক হাজার বিড়ি শ্রমিক নারী-পুরুষ এতে অংশ নেয়। সমাবেশে বিড়ি শ্রমিকদের পক্ষ থেকে বিড়ি শ্রমিক মতলেব, মজল, আনসার, রাশেদুল, হায়দার এবং সিরাজুল ইসলাম বিভিন্ন দাবি তুলে ধরে বলেন, বিড়ি শ্রমিকরা চরম অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করে । বিড়ি শিল্পের কাজ ঝুঁকিপূর্ণ এবং মজুরি খুবই কম ও একাজে শ্রমিকরা শ্বাসকষ্টসহ নানা রোগ ব্যাধির শিকার হয়। বিড়ি শ্রমিকদের পরিবারের শিশু নারীসহ সকলে এই কাজে জড়িত থাকায় তাদের সন্তানদের লেখাপড়া ব্যাহত হয়। তাই বিড়ি শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে আর্থিক সহায়তা, বিনামূল্যে দক্ষতা উন্নয়ন এবং বিকল্প শিল্প স্থাপনসহ ৫-দফা দাবি পূরণে সরকারের প্রতি আহবান জানান।