জীবন নিয়ে ছিনিমিনি

তিন ভুয়া ডাক্তারের জেল-জরিমানা মানুষের জীবন নিয়ে ব্যবসা শুরু করেছে একটি চক্র। বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে তারা অপচিকিত্সা চালিয়ে আসছেন। এসব ভূয়া ডাক্তারদের কবলে পড়ে অনেক রোগীকে অকালে মৃত্যুবরণও করতে হচ্ছে। সোমবার ঢাকা জেলার ধামরাই ও আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে এমন তিন ভুয়া ডাক্তারকে আটক করে কারাদণ্ড ও জরিমানা করেছেন র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমীনের নেতৃত্বাধীন মোবাইল কোর্ট। অভিযুক্ত তিন ভুয়া ডাক্তারের একজন মো. সবুজ খান (৩৩)। তিনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন শেখ তৈয়েবুর রহমানের এমবিবিএস ও বিএমডিসির সনদ জাল করে তার রূপধারণ করে দীর্ঘদিন যাবত রোগী দেখা ও পেসক্রিপশন দিয়ে আসছেন। তাকে বিএনডিসি আইন ২০১০ এর ২৮ ও ২৯ ধারা লংঘনের অপরাধে ৪ বছর সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। আরেক ভুয়া ডাক্তার মো. আব্দুস সালাম (৩৩) ধামরাইয়ের আইকন ডায়াগনস্টিক সেন্টারে চিকিত্সা দিয়ে আসছেন। তিনি ইউনিভার্সিটি এন্ড ইন্ডাস্টি এলিয়েন্সে মেডিক্যাল আল্টাসনোগ্রাফিতে (সিএমইউ) লেখাপড়া করে নামের আগে ডাক্তার পদবি লাগিয়ে রোগী দেখা ও পেসক্রিপশন দিয়ে আসছিলেন। একজন পুরুষ রোগী মো. মনজুর হোসেনের আল্টাসনোগ্রাফি করে রিপোর্টে সে তাকে মহিলা বলে উল্লেখ করেন। উক্ত অপরাধের জন্য আসামিকে বিএমডিসি আইন-২০১০’র ২৯ ধারা লংঘনের অপরাধে ২ বছর সশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। অপর ভুয়া ডাক্তার মো. তোফাজ্জল হোসেন সরকার (৩১) ধামরাইয়ের মালেকা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে বিএমডিসির সনদ ছাড়া ডাক্তার পদবি লাগিয়ে রোগী দেখা ও পেসক্রিপশন দিয়ে আসছিলেন। এ অপরাধের জন্য তাকে বিএমডিসি আইন ২০১০’র ২২ ধারা লংঘনের অপরাধে ২ বছর সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। আসামিদের সাজা পরোয়ানা মূলে তাত্ক্ষণিক ভাবে কারাগারে প্রেরণ করা হয়। অপরদিকে মালেকা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে মেডিক্যাল প্রাকটিস এন্ড প্রাইভেট ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২’র ১৩ ধারা লংঘনের দায়ে সিলগালা করে দেয়া হয়। র্যাব-৪, সিপিসি-২ এর লে. কমান্ডার মুহাম্মদ ফয়জুল ইসলাম মন্ডল জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহম্মদ আল-আমীন এই বিষয়ে সবাইকে সর্তক থাকার জন্য অনুরোধ জানান।