জাতীয় স্কুল হকি
আলহিকমা মুসলিম একাডেমী চ্যাম্পিয়ন
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৪, ২২:০৩
রাজশাহীর আলহিকমা মুসলিম একাডেমী জাতীয় স্কুল হকির ফাইনালে ২-১ গোলে যশোর মিউনিসিপ্যাল প্রিপারেটরী হাইস্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
ফাইনালে হারলেও দলের কোচ জসিম উদ্দিন সন্তুষ্ট। কারণ তার ছেলেরা ভালোই খেলেছে বলে কাল ফাইনাল শেষে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। ম্যাচে ওয়ালিদ ওমর সুইটের গোলে এগিয়ে ছিল যশোরের স্কুলটি (১-০)। আলহিকমার আবু সাইদের ফ্লিকের বল যশোরের পাষ্টে ঠাঁই নিলে সমতা আসে (১-১)। ৪০ মিনিটের খেলায় রাজশাহীর জয় আসে আহসান হাবিব গোলে (২-১)। কিন্তু এই গোল নিয়ে বাধে গোলমাল। যশোরের দাবি আত্মঘাতী গোল হয়েছে। যেখান থেকে তারা আর ম্যাচে ফিরতে পারেনি। নিজেদের খেলোয়াড়দের ষ্টিকে লেগে গোল হয়েছে। কোচ জসিম উদ্দিন বলেছেন, ‘আমরা ভালো খেলছিলোম। কিন্তু এই গোলটাই টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছে। আমরা হেরে গিয়েছি।’
গতকাল হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফার্ষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক স্কুল হকির ফাইনাল শেষে পুরস্কার বিরতরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকাদর। চ্যাম্পিয়ন দল এক লাখ, রানার্সআপ ৫০ হাজার টাকা পেয়েছে।
আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড় শিহাব হোসেন সর্বোচ্চ গোলদাতা (১৬)। তিনি পান এক লাখ টাকা। একই প্রতিষ্ঠানের তুহিন হোসেন ১২ গোল করে ৫০ হাজার এবং আলহকিমা মুসমলিম একাডেমীর খেলোয়াড় আহসান হাবিব নয় গোল করে ২৫ হাজার টাকা পেয়েছেন। স্কুল হকি কমিটির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের পক্ষ থেকে এই অর্থ পুরস্কার দেয়া হয়।
জাতীয় স্কুল হকির এবার অষ্টম পর্ব হয়ে গেলো। ১৯৯৪ সালে প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। হকি ফেডারেশন জানিয়েছে ১০২টি স্কুলের মধ্যে ১০১টি স্কুল ১০টি ভেন্যুতে অংশগ্রহণ করে বাছাই পর্বে। বাছাইকৃত ২৯টি দল নিয়ে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় ঢাকায়।