সর্বোচ্চ গোলদাতা শিহাব

বাবা সাইদুর রহমান পুরান ঢাকার নান্না মিয়ার বিরিয়ানীর দোকানের ম্যানেজার। ছেলে শিহাব হোসেনকে হকি খেলোয়াড় বানানোর ইচ্ছা থাকলেও সব সময় চাহিদা পূরণ করতে পারেন না। ছেলে কাপড়ের হ্যাঙ্গার দিয়ে কিভাবে যেন হাতে তৈরি ষ্টিক দিয়ে খেলা শুরু করে। ছেলের এমন আগ্রহ দেখে পুরান ঢাকার হকি কোচ ফজলু ইসলাম এগিয়ে হাতে তুলে নেন। তার কাছে হাতেখড়ি হয় শিহাব হোসেনের। এই ফরোয়ার্ড কাল জাতীয় স্কুল হকির সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান। ১৬টি গোল করেছেন আরমানিটোলো সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র শিহাব। এই শিক্ষা প্রতিষ্ঠানটি জাতীয় স্কুল হকির গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার তারা সেমিফাইনাল থেকে বিদায় নেয়। তারপরও এই স্কুলের ছাত্রটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে উঠলেন সর্বোচ্চ গোলদাতা হিসাবে পুরস্কার গ্রহণ করতে। এক লাখ টাকা পুরস্কার নিয়েছেন তিনি। এতোটুকু ছেলে, এক লাখ টাকার পুরস্কার পেয়ে মহাখুশি। তার কাছে জানতে চাইলে শিহাব সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমাদের সংসারে এই টাকাটা অনেক কাজে লাগবে। একটা সময় আমাদের সংসারে অভাব ছিল।’ নিজেকের অনেক উপরে দেখতে চান শিহাব। হতে চান জিমির মতো খেলোয়াড়। জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে চান। স্কুল হকির গত আসরে শিহাব সেরা খেলোয়াড় হয়েছিলেন।