মরিনহোর কৌশল নাকি অ্যাটলেটিকোর রেকর্ড যাত্রা?

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ চেলসি নিজেদের মাঠে আতিথেয়তা দিচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। গোলশূন্য ড্র হওয়া প্রথম লেগের মতো আজও সফরকারিদের মূল লড়াইটা হবে চেলসি কোচ হোসে মরিনহোর কৌশলের সঙ্গে। লিগে সামপ্রতিক জয়গুলোর সুবাদে দারুণ আত্মবিশ্বাসী চেলসির বাধা টপকে অ্যাটলেটিকো যদি ফাইনালে পৌঁছাতে পারে তবে ১৯৭৪ সালের পর সেটা হবে তাদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। গত মঙ্গলবার রাতে অ্যাটলেটিকোর মাঠে মরিনহোর রক্ষণ কৌশলের দারুণ এক প্রদর্শনীই দেখেন সবাই। পুরো ম্যাচে মাত্র পাঁচবার অ্যাটলেটিকোর গোলপোস্টে শট নেয় চেলসি। অন্যদিকে, অ্যাটলেটিকোর ক্ষেত্রে এই সংখ্যাটা ছিল ২৬। আর চেলসি বল নিজেদের পায়ে রাখে মাত্র ২৬ শতাংশ সময়। প্রতিপক্ষের পায়ে ম্যাচের প্রায় পুরোটা সময় বল থাকলেও অ্যাটলেটিকোর মাঠ থেকে কাঙ্ক্ষিত ফল নিয়েই মাঠ ছাড়ে চেলসি। আজ নিজেদের মাঠে এতটা রক্ষণাত্মক না হলেও ‘আগে নিজের ঘর বাঁচাও’ নীতিতেই হয়তো দেখা যাবে স্বাগতিকদের। এদিকে, ঐ ম্যাচের পর গত রবিবার লিভারপুলের বিরুদ্ধে লিগে নিজেদের সর্বশেষ ম্যাচেও প্রায় একই রাস্তায় হাটে মরিনহোর চেলসি। অ্যানফিল্ডে ম্যাচের প্রায় পুরোটা সময় লিভারপুল আক্রমণ চালিয়ে গেলেও চেলসির জমাট রক্ষণ প্রাচীর ভাঙ্গা সম্ভব হয়নি স্বাগতিকদের পক্ষে। উল্টো দুই অর্ধের শেষদিকে পাল্টা আক্রমণ থেকে দুই গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসিই। ম্যাচ শেষে মরিনহোর রক্ষণ কৌশলের সমালোচনা করতে ছাড়েননি লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স। তবে সেই সমালোচনা গায়ে মাখতে বয়েই গেছে মরিনহোর! বরাবরই সমালোচকদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলা এই পর্তুগীজকে সেই সমালোচনা যে মোটেই পাল্টাতে পারবে না সেটা বুঝতে পারছেন অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনেও। অ্যাটলেটিকোকে লা লিগা শিরোপার কাছাকাছি নিয়ে যাওয়া এই আর্জেন্টাইন বলেন, ‘আমরা জানি আমরা খুবই শক্তিশালী একটা দলকে মোকাবিলা করতে যাচ্ছি। তারা আমাদের জন্য প্রচুর সমস্যা সৃষ্টি করবে সন্দেহ নেই।’ লিগে নিজেদের সর্বশেষ নয়টি ম্যাচেই জয় পাওয়ার বিষয়টিও চেলসির বিরুদ্ধে তেমন কোন কাজে আসবে না বলে মনে করছেন সিমিওনে। ঘরোয়া লিগ আর চ্যাম্পিয়ন্স লিগের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, ‘লিগে ভাল করার মানে এই নয় যে, সেটা চ্যাম্পিয়ন্স লিগেও কাজে লাগবে। এই দুইয়ের মধ্যে কোন সম্পর্ক নেই।’ সিমিওনের চেলসি ভ্রমণকে আরো কঠিন করে তুলতে পারে চেলসির শীর্ষ খেলোয়াড়দের প্রত্যাবর্তন। ভিসেন্তে ক্যালদেরনে প্রথম লেগের ১৯ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়া দলের মূল গোলরক্ষক পিটার চেক যোগ দিয়েছেন অনুশীলনে। ইতিবাচক খবর পাওয়া গেছে জন টেরি, স্যামুয়েল ইতো, ইডেন হ্যাজার্ডদের ব্যাপারেও। তবে তারা যদি নাও খেলেন, চেলসিকে তবুও শক্তিশালী দল হিসাবেই মনে করছেন সিমিওনে, ‘চেলসি দুর্দান্ত একটা দল। তারা এমনই একটা দল যারা মূল একাদশে অনেক পরিবর্তন করেও লিভারপুলের মাঠে ২-০ গোলে জিততে পারে।’ লিভারপুলের বিরুদ্ধে ঐ জয় আজকের ম্যাচেও বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন ব্লুজ মিডফিল্ডার অস্কার, ‘কোন সন্দেহ নেই এই জয়টা অ্যাটলেটিকোর বিরুদ্ধে আমাদের আত্মবিশ্বাসটা অনেক বেশি বাড়িয়ে দেবে। আমাদের এই ম্যাচের আগে অনেক সমস্যা ছিল। আমাদের বেশ কয়েকজন খেলোয়াড় ছিল না। তাছাড়া বুধবার (আজ) আমাদের ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচটা অপেক্ষা করছিল। তবে আমরা দারুণ খেলেছি এবং নিজেদের শক্তিমত্তার প্রমাণ রাখতে পেরেছি বলেই আমার মনে হয়। এটা সবার জন্যই বড় একটা অর্জন।’