উজিরপুরে বালু ভর্তি জাহাজের ধাক্কায় ব্রিজ পানিতে

বরিশালের উজিরপুরে বালু ভর্তি একটি জাহাজ ধামুরা-শোলক খালের উপর নির্মিত জন গুরুত্বপূর্ণ একটি ঢালাই ব্রিজ ধাক্কা দিয়ে ভেঙে ফেলেছে। ব্রিজের চাপায় জাহাজটিও পানির নিচে তলিয়ে গেছে, তবে জাহাজের চালকসহ ৩ জন স্টাফের কোন ক্ষয়ক্ষতি হয়নি। সোমবার সন্ধ্যায় বালুচর-২ নামক একটি বালির জাহাজ মীরের হাট থেকে বালু ভর্তি করে শোলকের উদ্দেশ্য যাওয়ার পথে ধামুরা বন্দরের উত্তর পাশে আদম আলী ম্যাজিষ্ট্রেটের বাড়ির সামনে ১৯৯৮ সালে নির্মিত লোহার পিলারের উপর ঢালাই ব্রিজটিকে সজোরে ধাক্কা দিলে ব্রিজের মাঝের পাট ভেঙে জাহাজের উপরে পড়লে জাহাজসহ ব্রিজটি পানির নিচে ডুবে যায়। এ কারণে ধামুরা-শোলক, রত্নপুরসহ পার্শ্ববর্তী অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল ও উপজেলা প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করে থানা পুলিশের মাধ্যমে বালু বাহী জাহাজটিকে জব্দ করে। এ ব্যাপারে জাহাজের মালিক বাটাজোর বন্দরের মাসুদুল কায়েস কিংশু বিশ্বাস বলেন, উজিরপুর উপজেলা প্রশাসনের সাথে ব্রিজটি নির্মাণ করে দেয়ার শর্তে একটি লিখিত চুক্তি হয়েছে।