বাচা ও শিলং মাছের পোনা আসছে চলনবিলের আড়তে

পদ্মার বুকে পানি কম থাকলেও মাছ ইতিমধ্যে ডিম ছাড়তে শুরু করেছে। বিলুপ্তপ্রায় বাচা ও শিলং মাছ ডিম ছাড়ার পর পোনায় রূপান্তরিত হয়েছে। মত্স্য নিধনকারীরা এসব মূল্যবান পোনা মাছ ধরে চলনবিলের মহিষলুটি ও সিরাজগঞ্জ রোডের আড়তে প্রতিদিন সকালে বিক্রি করছে। প্রত্যন্ত গ্রামের হাট-বাজারে নামমাত্র মূল্যে বিক্রি হচ্ছে এসব পোনা মাছ। শীর্ণকায় পদ্মায় জাল টেনে বাচা ও শিলং মাছের পোনা ধরে তারা চারঘাটে পৌঁছে। সেখানে রাতে বরফজাত করে চলনবিলের মাছের বড় আড়ত হাটিকুমরুল বনপাড়া বাইপাস সড়ক সংলগ্ন মহিষলুটি ও পার্শ্ববর্তী সিরাজগঞ্জ রোড আড়তে সকালে পৌঁছে যাচ্ছে। এসব মূল্যবান মাছের পোনা পাইকারী বিক্রি হচ্ছে প্রতিকেজি ৮০টাকা থেকে ১শ’ টাকা। তৃণমূল পর্যায়ে এ পোনা বিক্রি হচ্ছে প্রতিকেজি ১২০ টাকা থেকে ১৪০ টাকা। পক্ষকাল যাবত্ নিয়মিত তাড়াশ বাজারেও এসব পোনা মাছ ক্রয়-বিক্রয় হতে দেখা যাচ্ছে। ২টি আড়তে প্রতিদিন ৩ মণ থেকে ৫ মণ পোনা সরবরাহ করছে মত্স্য নিধনকারী জেলেরা। পক্ষকাল যাবত্ এসব মাছ নিয়মিত আড়তে আমদানির পর পাইকাররা নিয়ে যাচ্ছে বিভিন্ন স্থানে। খোঁজ নিয়ে জানা যায়, চৈত্রমাসের মাঝামাঝি থেকে মূল্যবান বাচা ও শিলং মাছ ডিম ছাড়তে শুরু করেছে পদ্মায়। আগে প্রতিকেজি দেড় হাজার থেকে ২ হাজার টাকায় পোনা বিক্রি হয়েছে।