যশোরে রেণু পোনা উত্পাদনে বিপর্যয়ের আশঙ্কা

বৈরি আবহাওয়ার কারণে দেশের রেণু পোনা উত্পাদনের সূতিকাগার যশোরের চাঁচড়ার মত্স্য পল্লীতে হাহাকার সৃষ্টি হয়েছে। যশোর জেলা মত্স্য হ্যাচারি মালিক সমিতির সভাপতি ফিরোজ খান জানান, ১৪ বছর পর গতবার যশোরের চাঁচড়ার মত্স্য পল্লী রেণু পোনা উত্পাদনে রেকর্ড সৃষ্টি করে। গত বছর নিয়মিত বিরতিতে স্বাভাবিক বৃষ্টিপাত এবং দেশ বন্যামুক্ত থাকা রেণু চাষিদের জন্য আশীর্বাদ বয়ে আনে। হ্যাচারি মালিকরা এবার ২ লাখ কেজি রেণু পোনা উত্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে মাঠে নামেন। কিন্তু চৈত্র পার হয়ে বৈশাখের পক্ষকাল পেরিয়ে গেলেও এখানে বৃষ্টির দেখা মেলেনি। এতে যশোরের ৪২টি হ্যাচারিতে ভর করেছে দুশ্চিন্তা। যশোর জেলা মত্স্য হ্যাচারি মালিক সমিতি সূত্র জানায়, চাঁচড়ার মত্স্য পল্লীতে মাছের প্রকৃতি ভেদে ৪ থেকে ৫ হাজার টাকায় রেণু পোনার কেজি বিক্রি হয়ে থাকে। কিন্তু এবছর ভর মওসুমে এর অর্ধেক দামেও তা বিক্রি হচ্ছে না। যশোর জেলা মত্স্য হ্যাচারি মালিক সমিতির সম্পাদক জাহিদুর রহমান গোলদার জানান, প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে গোদের ওপর বিষফোড়া হয়েছে হ্যাচারির বিদ্যুত্ বিলকে শিল্প হারে নির্ধারণ করায়। এদিকে যশোর জেলা মত্স্য কর্মকর্তা মো. রমজান আলী জানান, ‘বৈরি আবহাওয়ার কারণে রেণু উত্পাদনের লক্ষ্যমাত্রায় বিরাট প্রভাব পড়েছে। ২-১ দিনের মধ্যে যশোরে বৃষ্টি না হলে গোটা দেশের মাছ উত্পাদনে বিপর্যয় সৃষ্টি হবে।’