কোচের জন্য অপেক্ষা
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৪, ২১:৩৬
গতকাল রাতেই ঢাকায় পা রাখার কথা ছিল পদত্যাগ করা জাতীয় দলের কোচ শেন জার্গুনসেনের। বিমানের শিডিউল না মেলা বা অন্য কোনো কারণে গতকাল আসাটা বাদ দিয়েছেন অস্ট্রেলীয় এই কোচ। আজ আসবেন কি না, সেটিও খুব নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। তবে এটা ঠিক যে, তার ফেরার পথের দিকেই চেয়ে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বোর্ডের মধ্যে জার্গুনসেনকে রেখে দেয়া বা ছেড়ে দেয়া নিয়ে দু’ধরনের মত থাকলেও সেটার জন্য তার সঙ্গে আলাপ করার বিকল্প দেখছেন না তারা। আর বোর্ড পরিচালকরা পরিষ্কার করেই বলছেন, এহেন গুরুতর আলাপ তারা সামনাসামনিই করতে চান।
তবে এখানে একটা সমস্যা আছে। কোচ এলে, তার সঙ্গে আলাপ করলেই যে দৃশ্যটা পরিষ্কার হয়ে যাবে; ব্যাপারটা তা নয়। সবকিছু পরিষ্কার হওয়ার জন্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের উপস্থিতিও জরুরি। কিন্তু চিকিত্সার জন্য বর্তমানে দেশের বাইরে থাকা সভাপতি আজই জার্গুনসেন আসলে তার সঙ্গে আলাপ করতে পারছেন না। ফলে জটিলতা সহসাই কেটে যাচ্ছেও না।
এদিকে কোচ বিষয়ে একটার পর একটা খবর সংবাদ মাধ্যমে আসা, এমনকি জার্গুনসেনের পদত্যাগপত্র হুবহু ছাপা হয়ে যাওয়ায় সংবাদ মাধ্যম নিয়েই এক ধরনের বিপরীত অবস্থানে যেতে চাচ্ছে বিসিবি। সাধারণত বিসিবি অফিস প্রাঙ্গণে সাংবাদিকদের যাতায়াত উন্মুক্ত থাকলেও সেটা তারা বন্ধ করে দেয়ার পরিকল্পনা করছেন। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে সাংবাদিকদের বিসিবি অফিসের নিচে অপেক্ষা করতে হবে। কিছু বলার থাকলে বোর্ডের পক্ষ থেকে কেউ একজন এসে বলে যাবেন।