বিসিএল শুরু আগামীকাল
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৪, ২১:৩৭
শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ, বিশ্বকাপ — টানা তিন ক্রিকেট উত্সবের পর সেই ২১ জানুয়ারির পর আর মাঠে গড়ায়নি বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচ। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্টটির তৃতীয় রাউন্ড।
আগামীকাল অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের মূল মাঠে খেলবে ওয়ালটন মধ্যাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল। আর আউটার স্টেডিয়ামে হবে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের ম্যাচটি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাঁচ দিনের ফাইনাল ম্যাচটি শুরু হবে আগামী আট মে থেকে।
বন্ধ হওয়ার আগে লিগপর্বে প্রতিটি দলই ম্যাচ খেলেছে দুইটি করে। দুই ম্যাচে মোট ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে আছে মধ্যাঞ্চল। দ্বিতীয় স্থানে থাকা উত্তরাঞ্চলের পয়েন্ট ৩০। ১৭ পয়েন্ট নিয়ে দক্ষিণাঞ্চল আছে তৃতীয় স্থানে। সবার শেষে থাকা পূর্বাঞ্চলের পয়েন্ট ১৫। লিগপর্ব শেষে শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।