ঢাকায় অপহূত শিশু ফরিদপুরে উদ্ধার
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৪, ২২:০০
রাজধানীর কদমতলী থেকে অপহূত শিশু মিজানকে ফরিদপুরের বোয়ালমারী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ ৪ দুর্বৃত্তকে গ্রেফতার করে। এরা হলো—রাহিমা আক্তার রাহি, জয় আহমেদ সুজন, শফিকুল ইসলাম ও রফিকুল ইসলাম।
তাদের বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন শাখায় সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এই শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, মিজানের (৬) বাবা শাহীন মোল্লা ওমান প্রবাসী। ঢাকায় তাদের বাসা নতুন জুরাইনের আলমবাগে। সেখানে মিজানের দূর সম্পর্কের ফুফু রাহি পহেলা বৈশাখ সন্ধ্যায় সুজনকে নিয়ে বেড়াতে যায়। গল্প করার এক পর্যায়ে দোকান থেকে খেলনা পিস্তল কেনার জন্য মিজানকে ২০ টাকা দেয় সুজন। মিজানকে কৌশলে বাসার বাইরে বের করার পর তাকে নিয়ে রাসেল ও সুজন টঙ্গীতে চলে যায়।
সুজন টঙ্গীতে গিয়ে তার খালু শফিকের সাথে যোগাযোগ করে। ঘটনার রাতেই মিজানকে নিয়ে শফিক ও সুজন চলে যায় ফরিদপুরের বোয়ালমারীতে। ঘটনার ১ সপ্তাহ পর চক্রটি মিজানের পরিবারের কাছে মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।