অভিবাসীদের অধিকার রক্ষায় ৫৮ দেশের ঐকমত্য

অভিবাসীদের স্বার্থ ও অধিকার রক্ষায় সম্মত হয়েছে ৫৮টি দেশের প্রতিনিধিরা। মঙ্গলবার দুই দিনব্যাপী ‘২০১৫-পরবর্তী উন্নয়ন এজেন্ডায় অভিবাসন সংক্রান্ত বৈশ্বিক বিশেষজ্ঞ সভা’ শেষে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানানো হয়। বাংলাদেশ ও সুইজারল্যান্ডের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সভায় অভিবাসীদের অধিকার রক্ষাসহ স্বাস্থ্য, শিক্ষা, ভালো কাজের নিশ্চয়তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের মতো কয়েকটি বিষয়ে সুপারিশ করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, প্রবাসী কল্যাণ সচিব ড. খন্দকার শওকত হোসেন, সুইজারল্যান্ডের বিশেষ দূত এডোয়ার্ড গেনেসা প্রমুখ। শহীদুল হক বলেন, ২০১৫ পরবর্তী বৈশ্বিক উন্নয়ন কর্মসূচিতে যেন অভিবাসন একটি এজেন্ডা হিসাবে রূপ পায় সেজন্য এ বৈঠক। এর সাথে বাংলাদেশের অভিবাসীদের বড় স্বার্থ জড়িয়ে আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিবাসন যে উন্নয়নের অন্যতম উপাদান এ বিষয়ে সবাই একমত হয়েছে। অভিবাসীরা উন্নয়নের এজেন্ট সে কথাও তারা স্বীকার করেছেন। সভায় অংশ নেয়া সকল দেশ অভিবাসীদের অধিকার ও মানবাধিকার রক্ষায় জোর সুপারিশ করেছে। একই সঙ্গে রেমিট্যান্স পাঠানোর ব্যয় এবং অভিবাসন ব্যয় কমানোর উপর গুরুত্বারোপ করেছে। মানব পাচার প্রতিরোধের বিষয়টিও সভায় উল্লেখ করা হয়েছে। গেনেসা বলেন, সম্মেলনে অভিবাসনের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা হয়েছে। সফল এ সম্মেলনের সুপারিশগুলো খুবই গুরুত্বপূর্ণ। এসব সুপারিশ অভিবাসন ও উন্নয়নের বৈশ্বিক ফোরামে তুলে ধরা হবে।