আলো সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন নয়!
প্রকাশ : ০২ মে ২০১৪, ১৯:১২
আলোর গতি প্রতি সেকেন্ডে ১ লাখ ৮৬ হাজার মাইল। আইনস্টাইন বলেছিলেন, ‘আলোর চেয়ে দ্রুতগতিতে ভ্রমণ সম্ভব নয়। কিন্তু আইনস্টাইনের এ তত্ত্বটি এখন প্রশ্নের সম্মুখীন। আর এই প্রশ্নটির নাম হলো নিউট্রিনো কণা। ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ (সার্ন)-এর গবেষকদের হাতে আসা নিউট্রিনো কণার গতির ফল আইনস্টাইনের তত্ত্বকে প্রশ্নের মুখে ফেলেছে। সার্নের গবেষকরা দেখেছেন, নিউট্রিনো নামে একটি কণা আলোর চেয়ে দ্রুতগতিসম্পন্ন। গবেষকরা বলছেন, আলোর চেয়ে বেশি গতিতে যেতে পারে এমন কণার রেকর্ড তাদের হাতে রয়েছে। গবেষকদের তথ্যানুয়ায়ী, নিউট্রিনো নামের কণার গতি সেকেন্ডে ১ লাখ ৮৬ হাজার ২৮২ মাইল, যা আলোর চেয়ে বেশি। ১৯০৫ সালে বিশেষ আপেক্ষিকতার সূত্রটি আবিষ্কার করেছিলেন আইনস্টাইন। অবশ্য এখনই সে তত্ত্বটিকে ভুল হিসেবে উড়িয়ে দিতে গবেষকরা নারাজ। জাপান এবং যুক্তরাষ্ট্রের গবেষকরা বর্তমান পরীক্ষার ফলাফলকে আরও পরীক্ষা করে দেখতে চেয়েছেন। গবেষকরা বলছেন, এ তথ্য আরও পরীক্ষা করে তবে নিশ্চিত হবেন তারা। বিশ্বের অন্য ল্যাবরেটরির পর্যালোচনার ফলাফল বিশ্লেষণ করেই আলোর চেয়ে দ্রুতগতির কোনো কণার স্বীকৃতি মিলবে। গবেষকরা বলছেন, আবিষ্কার যদি শেষ পর্যন্ত নির্ভুল প্রমাণিত হয় তাহলে আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র অনুযায়ী অনেক অসম্ভব হয়তো সম্ভব হবে এবং উদঘাটন করা যাবে আধুনিক পদার্থবিদ্যার অনেক রহস্যের। আলোর গতিকে হারিয়ে দেওয়া নিউট্রিনো আদপে এক রহস্যময় কণা। প্রতি মুহূর্তে লক্ষ-কোটি নিউট্রিনো ভেদ করে যাচ্ছে মানুষের দেহ, বাড়িঘর, গাছপালা, পাহাড়-পর্বত, এমন কী গোটা পৃথিবী।